ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার হারোকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হারোকান্দী এলাকায় মাদক লেনদেন চলছে। এমন তথ্যের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়।
অভিযান চলাকালে তানভীর (৩২), মো. হৃদয় (২৬) এবং মো. শাওন শেখ (২১) নামে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের সকলের বাড়ি সদর উপজেলার হারোকান্দী এলাকায় বলে জানা গেছে।
পরবর্তীতে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৫:১৯ এএম