ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মো. ইকবাল হোসেন শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫ হাজার ৪০০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার নূরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নূরপুর এলাকায় মাদক লেনদেন চলছে। এমন তথ্যের পর ভাঙ্গা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মো. ইকবাল হোসেন শেখকে হাতেনাতে আটক করা হয়। তিনি নূরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৩ এএম