ফরিদপুরের মধুখালী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সুমন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মধুখালী উপজেলার গাড়াখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে গড়খোলা এলাকায় মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা এবং মধুখালী থানা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়।
আটক হওয়া সুমন বিশ্বাস মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
পরবর্তীতে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৬:০০ এএম