ভুল চিকিৎসা নাকি দুর্ঘটনা? ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির মৃত্যু

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৯:০০ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের পর চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলায় শারমিন বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শারমিন বেগমের। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের অটোচালক আরিফ শেখের স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে প্রসবজনিত জটিলতা নিয়ে শারমিন বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন বুধবার সকাল ১১টার দিকে গাইনী চিকিৎসক ডা. নন্দিতা পাল ও সহযোগী চিকিৎসক গোপাল দে তার সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের পর থেকেই শারমিনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে তড়িঘড়ি করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী আরিফ শেখ অভিযোগ করে বলেন, “সিজারের সময় আমার স্ত্রীর মূত্রনালী কেটে ফেলা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও রক্তশূন্যতার কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।” এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে তিনি ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে গাইনী চিকিৎসক ডা. নন্দিতা পাল বলেন, “ওই দিন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গাইনী চিকিৎসক না থাকায় আমাকে অপারেশনের জন্য আনা হয়। রোগী শারমিন বেগম সিজারের জন্য উপযুক্ত ছিলেন না। তবে দ্রুত অপারেশন না করলে নবজাতকের জীবন ঝুঁকিতে পড়ত। তার পানি ভাঙছিল, হিমোগ্লোবিনও কম ছিল। এসব ঝুঁকির বিষয় স্বামী ও পরিবারের সদস্যদের জানানো হয়। তাদের সম্মতি ও মুচলেকার ভিত্তিতেই অপারেশন করা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, প্রসূতি শারমিন বেগমের তীব্র রক্তশূন্যতা ছিল এবং সিজারিয়ান অপারেশনে ঝুঁকি ছিল। বিষয়টি আগে থেকেই স্বজনদের জানানো হয় এবং স্বামীর লিখিত সম্মতির পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, “গত এক বছরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯২টি নরমাল ডেলিভারি ও ৬০টি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে এটিই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন