গ্রামের হাটে হাটে পায়ে হেঁটে ভোটারদের কাছে গিয়ে স্বতন্ত্র প্রার্থী দোলন জাহাজ প্রতীকে ভোট ও দোয়া চাইছেন। বলছেন এলাকার মানুষের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, টেন্ডারবাজি ও মামলা বাণিজ্য রোধে আপনার মূল্যবান ভোটটি জাহাজ প্রতীকে দিন। গত জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাংবাদিক আরিফ রহমান দোলন ৮৬ হাজার ভোট পেয়েছিলেন।
ফরিদপুর-১ বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এখানে রয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক ভোটার। আসনটিতে বিএনপি জামাতের পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র দুই প্রার্থী।
নির্বাচনে এই সময়টি যখন দেশের বড় দুই রাজনৈতিক দল বিভিন্ন সভা সমবেশ নিয়ে ব্যস্ত, ঠিক তখন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন ছুটছেন গ্রামগঞ্জের হাঁটবাজার চায়ের দোকান এমনকি অলিত গলিতে সরাসরি ভোটারদের কাছে গিয়ে নিজের প্রতীক জাহাজ মার্কায় ভোট প্রার্থনা করছেন। সাধারণ ভোটাররা প্রার্থীকে সরাসরি কাছে পেয়ে সাড়াও দিচ্ছে বেশ।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা অব্দি ফরিদপুর- ১ আসনের বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের বেশ কয়েকটি হাট বাজার ও গ্রামে ঘুরেন তিনি।
এদিকে একই দিনে বিএনপির দলীয় প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা সদরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন আর বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী ইলিয়াস মোল্লা
তার দাঁড়িপাল্লা প্রতীকে বোয়ালমারী সদরে বিভিন্ন জায়গায় চেয়েছেন ভোট।
গ্রামের হাট বাজার ও অলিতে গলিতে ভোট চাওয়া প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন বলেন, আমি সভা সমাবেশ মিছিল করতে চাই না, আমি চাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করতে। আর এ কারণে সকাল থেকে রাত অব্দি
ছুটে চলছি মানুষের কাছাকাছি।
তিনি আরো বলেন, এই আসনের মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করতে চাই, আমি চাইবো কোন মানুষ হয়রানিমূলক মামলার শিকার হয়ে ভোগান্তিতে না পারে।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন পর্যন্ত মিশ্র, বড় রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচন কমিশনের প্রদত্ত আইন সঠিকভাবে মেনে চলছেনা, কেউ কেউ পেশি শক্তি ব্যবহার করে ভয়-ভীতি দেখাচ্ছে ভোটারদের । আমি বিশ্বাস করি নির্বাচন কমিশনের অধীনে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বিষয়টি গুরুত্ব দেবেন।

মফিজুর রহমান শিপন, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১১:৪৪ এএম