ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে কালো টাকা ছড়িয়ে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সদরপুর উপজেলা সদর বাজারে গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন— “নির্বাচনের পরিবেশ নষ্ট করতে তথাকথিত নিরপেক্ষ প্রার্থীরা সিন্ডিকেট করে দিনে-রাতে লুটের কালো টাকা ছড়াচ্ছেন। এর ফলে ভোটের মাঠের পরিবেশ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন— “ভোটাররা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার তারা ভোট দিতে মুখিয়ে আছেন। মাঠে যে সাড়া পাচ্ছি, তাতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
নির্বাচনী প্রচারণার আড়ালে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী বলেন— “ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কালো টাকা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা সিন্ডিকেট করে টাকার ব্যাগ নিয়ে লোক মাঠে নামাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় হুমকি।”
তিনি জানান, এসব অনিয়মের বিষয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন— “আমার সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। জনগণ এই নির্বাচনকে উৎসবমুখরভাবে নিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে অবহেলিত ফরিদপুর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।”
এ সময় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১২:১৬ পিএম