ফরিদপুর-৩ আসনে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা, সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ৭:২৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন পোলিং এজেন্টদের করণীয়, দায়িত্ব ও আইনগত দিকনির্দেশনা তুলে ধরতেই এ কর্মশালার আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ২৭টি ওয়ার্ড থেকে আগত প্রায় ৫০০ থেকে ৬০০ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল। এছাড়াও জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনকে ঘিরে দেশে ও দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে ভোটকেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্টদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই পোলিং এজেন্টরা কেন্দ্র ত্যাগ করতে পারবেন না। ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা অসঙ্গতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটকেন্দ্রে আইনগত অধিকার, দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় বিষয়, ভোট গণনা পর্যবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। নেতারা আশা প্রকাশ করেন, সুশিক্ষিত ও সচেতন পোলিং এজেন্টদের মাধ্যমে ভোটকেন্দ্রে গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন