ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফরিদপুর পুলিশ লাইন্সের মাঠে দিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, মশাল দৌঁড় ও মনোমুগ্ধকর কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দলগত মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক ফরিদপুরের সভানেত্রী কামরুন নাহার পপি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, ফরিদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু, ভারপ্রাপ্ত আরআই মোহাম্মদ ঈসা প্রমুখ।
সার্বিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আশুতোষ গুহ। দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৯টি বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথি, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, পুরুষ ও মহিলা পুলিশ সদস্য এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
দিনশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাসি, উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
সব মিলিয়ে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ২:৩৮ পিএম