ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১০ হাজার ২’শ টাকা মূল্যমানের ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঝুনাখালী গট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজন সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে মো. হুসাইন শেখ (৩০) এবং একই গ্রামের মাজেদ মোল্লার ছেলে মো. মনির মোল্লা (৩২)। অভিযানের সময় তাদের কাছ থেকে আনুমানিক ১০ হাজার ২’শ টাকা মূল্যমানের ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করত। স্থানীয় তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে তারা সমাজে ভয়াবহ ক্ষতি সাধন করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুরের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে যেকোনো ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।’

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ১০:৩৫ অপরাহ্ণ