গাজীপুরে নারী হত্যা: বিএনপি–ছাত্রদলের বিরুদ্ধে ফরিদপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৪৯ পিএম

গাজীপুরে ছাত্রদল কর্তৃক এক নারী হত্যার অভিযোগ এবং সারাদেশে বিএনপির বিভিন্ন নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

সমাবেশে ফরিদপুর শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্য দেন আকমল হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানসহ আরও অনেকে। বক্তারা গাজীপুরে সংঘটিত নারী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বক্তারা বলেন, নারী নির্যাতন ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সামাজিক ও সাংগঠনিকভাবে রুখে দাঁড়াতে হবে। তারা অভিযোগ করেন, সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নিপীড়নমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর জনগণ যে নতুন ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। তারা ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, কেউ যেন ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে না পড়ে। এ ধরনের আচরণ চলতে থাকলে জনগণই এর উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

নেতৃবৃন্দ আসন্ন ১২ তারিখের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ওই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রকৃত রায় প্রদান করবে। তারা আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে অন্যায়, নিপীড়ন ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে জনগণ অবস্থান নেবে।

সমাবেশে অংশ নিতে ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ছাত্রশিবিরের নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিল চলাকালে নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন