নির্বাচনী সংবাদ কাভারেজের জন্য ফরিদপুরে সাংবাদিকদের আবেদন শুরু, সময় শেষ ৫ ফেব্রুয়ারি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৫৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সংবাদ সংগ্রহ ও প্রচারণা কাভারেজে নিয়োজিত সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ফরিদপুর জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (০১ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে (ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪) নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে অংশগ্রহণ করতে ইচ্ছুক সাংবাদিকদের অবশ্যই জেলা প্রশাসকের কার্যালয় থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

নোটিশ অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের চলাচল, সংবাদ সংগ্রহ এবং গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম মানতে হবে। অনুমতি ছাড়া কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মী নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ বা প্রচারণা কাভারেজে অংশ নিতে পারবেন না।

আবেদনকারী সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
দুই কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, প্রেস কার্ড অথবা অফিস আইডি কার্ড, সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের অনুমতিপত্র, প্রয়োজনে নির্বাচন কমিশনের প্রদত্ত অনুমোদনপত্র এবং PID/Accreditation কার্ড (যদি থাকে)।

এছাড়া সংবাদ সংগ্রহে যানবাহন ব্যবহারের প্রয়োজন হলে গাড়ির রেজিস্ট্রেশন কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না দিলে কোনো অবস্থাতেই অনুমতি প্রদান করা হবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হাসান মোল্যা স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠু সংবাদ কাভারেজ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন