হাত বেঁধে লুট ৮ লাখ টাকার মালামাল: আলফাডাঙ্গার ডাকাত ধরা পড়ল খুলনায়

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৪৩ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গার আলোচিত ডাকাতি মামলায় মেহেদী খান (৩৩) নামে এক আসামিকে খুলনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে গ্রেফতার হওয়া ওই আসামির বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে খুলনার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গার বেজিডাঙ্গা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মেহেদী খান (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি নড়াইল জেলার বাসিন্দা হলেও তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি গভীর রাতে আনুমানিক রাত ৩টা থেকে ৪টার মধ্যে বেজিডাঙ্গা এলাকার একটি বসতবাড়িতে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রবেশ করে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ আনুমানিক ৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আলফাডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ০৪, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬। দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০-এর কাছে অধিযাচনপত্র পাঠান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬-এর সহযোগিতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার অন্যতম আসামি মেহেদী খানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মেহেদী খানের বিরুদ্ধে ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন