ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজিমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নূর আলম মুন্সীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ হামলার ঘটনা ঘটে।
আহত নূর আলম মুন্সী জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে মুখ ঢাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তারা অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। হামলাকারীরা তাকে ফেলে রেখে যায়।
পরবর্তীতে জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:০৫ পিএম