বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি পালিত হয়। জেলার নানা প্রান্ত থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ছাত্রদল নেতা সাব্বির হোসেন সাদ্দাম, মুনিব হোসেন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে। তারা আগামীকাল বুধবার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমগ্র কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৯ পিএম