‘নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর উপহার দিতে চাই ‘ — নায়াব ইউসুফ

মেহেদী সোহেল, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৩৪ পিএম

ফরিদপুর- ৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর উপহার দিতে চাই। এজন্য আমার আপনাদের সাহায্য প্রয়োজন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিগত দেড়শত বছর যাবত আমার পরিবার এই ফরিদপুরে নেতৃত্ব দিয়ে আসছে। মানুষ আমাদের ভালোবেসে ভোট দিয়ে এই নেতৃত্ব দিয়ে এসেছে। বিগত দিনে আমরা কখনো আপনাদের রেখে পালাইনি। কারণ আমরা মনে করি এই নেতৃত্ব দেয়া হলো আমাদের একটি দায়িত্ব। আমরা ক্ষমতা দেখানোর জন্য নেতৃত্বে আসি না, দুর্নীতি করার জন্য নেতৃত্বে আসিনা, আমরা নেতৃত্বে আসি মানুষের সেবা করার জন্য। আমরা নিঃস্বার্থভাবে ফরিদপুরবাসীর সেবা করেছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করব। আমিই একমাত্র আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারব। আমি নির্বাচিত হলে আপনাদেরকে মাদক ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, জনগণের সেবা করার সুযোগ পেতে আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এমপি – মন্ত্রী কোনটাই হতে পারব না। আপনারাই আমার সব। তাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই বাকি কয়েকটা দিন একটু কষ্ট করে আমার জন্য ধানের শীষের ভোট চাইবেন।

তিনি আরো বলেন, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তারা মুসলমান হতে পারে না। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। যারা রাজনীতির মধ্যে ধর্মকে টানে তাদেরকে আপনারা প্রতিরোধ করবেন।

আমি আপনাদের সতর্ক করতে চাই, বিগত ষোল বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আপনাদের সুযোগ এসেছে, এখন যদি আপনারা এদিক-ওদিক যান তাহলে আগামী একশত বছর পরাধীনতার অন্ধকারে দেশের মানুষ ডুবে যাবে। তাই আপনাদের বলছি বিশেষ করে মা বোনেদের, আপনারা বোকার মত কাজ করবেন না, সতর্কতার সাথে ভোট দিবেন, সুযোগ কাজে লাগাবেন। ১২ তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন আপনারা আমার জন্য কাজ করেন। ইনশাআল্লাহ নির্বাচিত হলে ১২ তারিখের পর থেকে পাঁচ বছর আপনাদের জন্য আমি কাজ করবো। আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। কাজেই আপনারা ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়ার মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম।

এ সময় স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার শিথিল, চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারী, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলী, জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক কাউসার তালুকদার সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী-দোকানদার ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন