ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে শহীদুল ইসলাম বাবুলের জয়

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:০৮ পিএম

ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ২৭ হাজার ৪৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দিনব্যাপী কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় ফরিদপুর-৪ আসনের সাধারণ মানুষের বিজয়। আমি সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।”

অন্যদিকে, পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে,ফলাফল ঘোষণার পর শহীদুল ইসলাম বাবুলের সমর্থকরা আনন্দ মিছিল বের করে এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। এছাড়া বিজয়ের পর শহিদুল ইসলাম বাবুল তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থীর বাড়িতে যান এবং তাকে সান্ত্বনা দেন ও কুশল বিনিময় করেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন