সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকাল সেনা-পুলিশ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪৫ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এসময় সংঘর্ষের জন্য মজুত রাখা ৭টি ঢাল ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার খারদিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— মো. ইমামুল (২১) ও মো. তুহিন (১৯)।

সেনা সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) খারদিয়া ও ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন পরদিন সকালে প্রতিশোধমূলক সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ঢাল-সরকি নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল।

এই তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় খারদিয়া গ্রামে অভিযান চালায়। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সংঘর্ষের জন্য প্রস্তুত করে রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ঢাল, যা সংঘর্ষে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

অভিযানের সময় সংঘর্ষের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্রসহ সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, পূর্বের বিরোধকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা ছিল।

এদিকে, ঘটনার পর থেকে খারদিয়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী টহল বাড়িয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন