ফরিদপুর-২ থেকে জয়ের পর মন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:০৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ রিংকু বিজয়ী হয়েছেন।

তিনি মোট ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী মো. আকরাম আলীকে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে ভোটারদের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দ-উৎসব শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা শামা ওবায়েদ রিংকুর এই বিজয়কে দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ফরিদপুর অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, এবার মন্ত্রিসভা আকারে তুলনামূলক ছোট রাখা হতে পারে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় জোরালোভাবে উঠে এসেছে শামা ওবায়েদের নাম।

বিশেষ করে নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে শামা ওবায়েদকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকা তাকে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় এগিয়ে রেখেছে।

এদিকে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ আরও বেশ কয়েকজনের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনায় রয়েছে।

এছাড়া তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নবনির্বাচিত কয়েকজন এমপিকেও প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।

তবে নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবুও ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ রিংকুর সম্ভাব্য মন্ত্রীত্ব নিয়ে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন