মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।
গ্রাহকদের আরও আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখপুর বাজারের প্রধান সড়কে হারুন শিকদারের ভবনের দ্বিতীয় তলায় এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
নতুন ভবনে স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
এ সময় তিনি বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজিতপুর শাখা ১৯৮৮ সাল থেকে এই অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে আর্থিক সেবা দিয়ে আসছে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে শাখাটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এখানে গ্রাহকদের জন্য আরও উন্নত পরিবেশ, দ্রুত সেবা প্রদান এবং নিরাপদ লেনদেনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের লেনদেন আরও সুরক্ষিত করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক বাজিতপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখার সিনিয়র অফিসার শারমিন আক্তার, অফিসার মো. বিপুল হোসেন, সাজ্জাদ মাহমুদ এবং ক্যাশ কর্মকর্তা বাসুদেব কুমার দাসসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষি খাতে ঋণ প্রদান, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে বাজিতপুর শাখা আগের তুলনায় আরও গতিশীল, আধুনিক এবং গ্রাহকবান্ধব সেবা প্রদান করতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইমতিয়াজ আহমেদ, শিবচর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:০১ পিএম