ফরিদপুরে আনন্দ মিছিল-সমাবেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় শামা ওবায়েদকে ঘিরে বিএনপির উচ্ছ্বাস

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২১ পিএম

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের জেলখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা শামা ওবায়েদের নেতৃত্বের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শামা ওবায়েদ ইসলাম দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করে আসছেন এবং কেন্দ্রীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

সমাবেশে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শামা ওবায়েদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ফরিদপুরের রাজনীতি যেমন শক্তিশালী করেছেন, তেমনি ঢাকার কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয় অবদান রেখেছেন। তার মতো একজন যোগ্য নেত্রীর হাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করায় আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, “ফরিদপুর বিভাগ থেকে এই প্রথম এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়া আমাদের জন্য বড় অর্জন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

নেতারা আশা প্রকাশ করেন, শামা ওবায়েদ ইসলাম তাঁর নতুন দায়িত্বে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করবেন এবং উন্নয়ন ও কূটনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন