ফরিদপুর সদর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানে একটি হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ডায়াবেটিকস হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য অফিস, সিভিল সার্জন কার্যালয়, কৃষি বিপণন বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে সদর উপজেলার ‘কাচ্চি সুলতান’ নামে একটি হোটেলের রান্নাঘরে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, খাদ্য প্রস্তুতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়া হোটেলের কর্মচারীদের কোনো স্বাস্থ্য সনদ না থাকায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মো. বজলুর রশিদ খান। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তাসহ বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার সদস্যরাও সহযোগিতা করেন।
অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:১২ পিএম