কুমার নদ খননেই বদলাবে ফরিদপুর—নতুন স্বপ্ন দেখালেন জুয়েল

আবরাব নাদিম ইতু, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫৪ পিএম

ফরিদপুর পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সমাজসেবক জুলফিকার হোসেন জুয়েল। তিনি বলেছেন, কুমার নদের প্রবেশমুখ খনন এবং সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে নদীর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি করা হবে, যা শহরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তার উদ্যোগে আয়োজিত “আগামীর ফরিদপুর পৌরসভা কেমন চাই” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ফরিদপুরের তরুণ সমাজসেবক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, অতিরিক্ত ধুলাবালি এবং তীব্র যানজটকে নগরবাসীর ভোগান্তির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।

জুলফিকার হোসেন জুয়েল তার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে প্রাথমিক কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “দীর্ঘদিন ধরে আমি এই শহরকে আরও আধুনিক ও বাসযোগ্য করার স্বপ্ন নিয়ে কাজ করছি। ফরিদপুর পৌরসভাকে ঘিরে আমার সুস্পষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন করা গেলে নাগরিক সেবা অনেকাংশে উন্নত হবে।” তিনি জানান, শহরের সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের সুবিধার্থে ইতোমধ্যে অনাথের মোড় চত্বরসহ বিভিন্ন স্থানে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত বাড়িটিকে সংরক্ষণ ও নান্দনিকভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, নির্বাচিত হোন বা না হোন—ফরিদপুরের উন্নয়নে তার কাজ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জেলার মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং আধুনিক ফরিদপুর গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন