ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
সোমবার (০২ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি এবং কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তারা আরও বলেন, অতীতে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও এ সম্পর্ক আরও জোরদার করা হবে।
বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা গ্রহণ করে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সততা ও সহমর্মিতার চর্চা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সাংবাদিক রেশাদুল হাকিম কবিতা আবৃত্তি করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব।
পরিশেষে ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ৭:৪৯ পিএম