পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ফরিদপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের বিপরীতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়াসহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাসে দুধ, ডিম ও মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর যৌথ উদ্যোগে এই সুলভ বিক্রয় কার্যক্রম চালু করেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।
আয়োজকরা জানান, নির্ধারিত মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে এবং ক্রেতারা যাতে ন্যায্য দামে পণ্য পান, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও এ ধরনের বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “রমজানে মানুষের কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রমজানজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ৫:৫৫ পিএম