রমজানের তাৎপর্য তুলে ধরে ফরিদপুর জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ১০:১৭ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে ফরিদপুর পুলিশ লাইনসের মাল্টিপারপাস হল (কল্যাণ শেড) মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা এবং সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের সব পর্যায়ের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। একজন পুলিশ সদস্য হিসেবে আমাদের দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। রমজানের এই পবিত্র মাসে আমরা প্রত্যেকে যেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করি, সেই অঙ্গীকারই আজকের এই আয়োজনের মূল বার্তা।”

তিনি আরও বলেন, “ফরিদপুর জেলা পুলিশ সবসময় জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরাও রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন