ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
এসময় উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলী ফকিরের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রজব আলী মোল্যা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী সাগর হালদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, মধুখালী জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওসের আলী চৌধুরীসহ উপজেলা বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধান শিক্ষকগণ।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত রাখতে হবে, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে যোগাযোগ রাখতে হবে। এসময় তিনি শিক্ষকদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা, ছাত্রছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং জোরদারকরণ, অভিভাবক সমাবেশ আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
এসময় এমপি প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে সকলের বক্তব্য শোনেন। এর আগে ফুলের তোরা দিয়ে নবগত সংসদ সদস্যকে বরণ করে নেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল।

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ৫:৫৫ পিএম