ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অভিযান, বাস থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

শিশির খাঁন
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ২:২৭ এএম

ফরিদপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের মুন্সিবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মাদক পাচারকারীদের ধরতে একাধিক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তিনি জানান, বিকেল ৩টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় শহিদুল ইসলাম ও আল আমিন মৃধার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে দেহ তল্লাশি করলে শহিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে তিন হাজার পিস এবং আল আমিন মৃধার পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক বেলায়েত হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলেও তিনি জানান।

আটক দুই মাদক কারবারিকে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন