ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নকল ওরস্যালাইন, ভেজাল চিপস, ভেজাল গুড় এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই সয়াবিন তেল বোতলজাতকরণের মতো নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
বুধবার (১১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্যপণ্যের মান, উৎপাদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র যাচাই করেন।
অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই সয়াবিন তেল বোতলজাত করে বাজারজাত করছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। বিশেষ করে “রুপা ফুড প্রোডাক্টস” নামে একটি প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের আওতায় চারজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স নিমলেন্দ সাহা এন্ড সন্সের প্রোপাইটর নিরঞ্জন সাহাকে ২ হাজার টাকা, রুপা ফুড প্রোডাক্টসের মালিক মো. জাফর মোল্লাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কানাইপুর বাজারে ভেজাল গুড় বিক্রির দায়ে মো. সেকেন্দারকে ৫ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে মোহাম্মদ নাজমুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে জরিমানাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি পুনরায় ভেজাল বা অননুমোদিত খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৬:৩১ এএম