সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ১২:০৯ পিএম

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন স্পিকার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে তিনি স্পিকার নির্বাচিত হন।

বিএনপির সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল স্পিকার পদে মেজর হাফিজ উদ্দিনের নাম প্রস্তাব করেন।

 এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অধিবেশন শুরু হয়।

১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম নতুন সংসদের অধিবেশন স্পিকার ছাড়া শুরু হলো। প্রথম অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর কার্যক্রম শুরু হবে।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সাতবারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার সাহসিকতার জন্য তিনি ‘বীর বিক্রম’ উপাধি লাভ করেন। এক সময়কার তারকা ফুটবলার হাফিজ উদ্দিন বিএনপি সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন