ভাঙ্গায় মাটি খুঁড়তেই বের হলো ২’শ বছরের পুরোনো ৩০–৩৫টি কলস!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৮:৫০ পিএম

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় একে একে বেরিয়ে আসে প্রায় ৩০ থেকে ৩৫টি বড় আকারের মাটির কলস। ধারণা করা হচ্ছে, এসব কলস প্রায় দুই শতাব্দী পুরোনো। হঠাৎ করে এতগুলো কলস মাটির নিচ থেকে বেরিয়ে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভাঙ্গা পৌরসভার একটি ড্রেন সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা প্রথমে একটি বড় মাটির কলস দেখতে পান। পরে খনন কাজ চালিয়ে গেলে একই ধরনের আরও অনেকগুলো কলস বেরিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে-কলসগুলোতে নাকি স্বর্ণ বা মূল্যবান ধনসম্পদ রয়েছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয় মানুষজন দলে দলে এসে মাটির নিচ থেকে ওঠানো কলসগুলো দেখতে থাকেন। কেউ কেউ ধারণা করতে থাকেন, বহু পুরোনো গুপ্তধন পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙ্গা থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সেখানে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম পরিস্থিতি পরিদর্শন করেন।

স্থানীয় কয়েকজন জানান, ভাঙ্গা পৌরসভার ড্রেন খননের সময় বড় বড় কলস পাওয়া গেছে—এমন খবর ছড়িয়ে পড়তেই তারা ঘটনাস্থলে ছুটে আসেন। অনেকেই ভেবেছিলেন কলসগুলোতে স্বর্ণ বা মূল্যবান কিছু থাকতে পারে। তবে পরে দেখা যায়, কলসগুলোর ভেতরে কেবল মাটিই ভর্তি।

খননকাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, সকালে কাজ শুরু করার কিছুক্ষণ পরই একটি কলস দেখা যায়। পরে খনন অব্যাহত রাখলে একের পর এক আরও অনেকগুলো কলস বেরিয়ে আসে। এগুলো বেশ পুরোনো এবং বড় আকৃতির হলেও ভেতরে মাটি ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি।

এলাকার প্রবীণ বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বহু বছর আগে কুমার নদীর তীব্র স্রোত ও ভাঙনের সময় নদীর পাড় রক্ষার জন্য বড় বড় কলসে বালু ভরে সারি করে মাটির নিচে স্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই সময়কারই এসব কলস এখন খননের সময় বেরিয়ে এসেছে।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, “কলসে স্বর্ণ পাওয়া গেছে—এমন খবর সম্পূর্ণ গুজব। আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সামনে কয়েকটি কলস উঠিয়ে পরীক্ষা করেছি। সবগুলোতেই শুধু মাটি পাওয়া গেছে, অন্য কিছু নয়।”

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন