ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক যুবকের নাম মো. ইদ্রিস আলী (২৫)। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশে ইটের সড়কে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিলেন।
এ সময় তার আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে স্থানীয়রা বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদক মামলার ভয় দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করত।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোহাম্মদ তাইজুর রহমান বলেন,
“সে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায় করত। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আটক ইদ্রিস আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মফিজুর রহমান মুবিন
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ৩:০৮ পিএম