ফরিদপুরে ইরানের প্রতি সংহতি ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ৪:১৬ পিএম

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের প্রতি সংহতি প্রকাশ, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে আহলেবাইতের আশেকান সমাজ, বৃহত্তর ফরিদপুর জেলা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানের আহ্বান জানান। তারা বলেন, যুদ্ধ ও সহিংসতার কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ধর্ম ও জাতিগত বিভাজনের মাধ্যমে মুসলিম সমাজকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, মুসলিম বিশ্বের ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই পারে চলমান সংকট থেকে উত্তরণের পথ তৈরি করতে।

মানববন্ধন থেকে বক্তারা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তারা শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানববন্ধনের মাধ্যমে তারা বিশ্ববাসীর কাছে শান্তি, ন্যায়বিচার ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে চান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন