গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত “অসত্য প্রত্যয়নপত্রে বিচার ব্যাহত : গণপূর্তের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ” শিরোনামের সংবাদটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে গণপূর্ত বিভাগ ফরিদপুরের উপ-সহকারী প্রকৌশলী শিরিনা পারভীন একটি প্রতিবাদলিপি পাঠিয়েছেন।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, উক্ত সংবাদে তার ও তার এক সহকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং বাস্তবতার পরিপন্থী। তিনি দাবি করেন, তিনি ও তার সহকর্মী যে প্রত্যয়নপত্র ব্যবহার করেছেন তা তাদের কর্মস্থলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকেই গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের অসত্য প্রত্যয়নপত্র প্রদান করা হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট বিষয়ে আদালতের রায়ের সত্যায়িত কপি তার কাছে সংরক্ষিত রয়েছে। রায়টি পর্যালোচনা করলে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি নেই।
প্রতিবাদলিপিতে বলা হয়, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় কর্তৃপক্ষ দুই দফা তদন্ত করেছে এবং উভয় তদন্তেই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তারপরও অভিযোগকারী ব্যক্তি বারবার একই অভিযোগ উত্থাপন করে তাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করা ও অযথা হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, অভিযোগকারী ব্যক্তি তার ছোট বোনের প্রাক্তন স্বামী এবং ব্যক্তিগত বিদ্বেষবশত দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করে তাকে ও তার পরিবারকে হয়রানি করে আসছেন। একই উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যও প্রচারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এমতাবস্থায় যাচাই-বাছাই ব্যতিরেকে এ ধরনের অভিযোগ সংবাদ আকারে প্রকাশ পাওয়ায় তার পেশাগত সুনাম ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ কারণে প্রকাশিত সংবাদের যথাযথ প্রতিবাদ ও প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকার কাছে অনুরোধ জানিয়েছেন তিনি, যাতে পাঠক সমাজের কাছে সঠিক তথ্য প্রতিফলিত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ৪:৫৮ এএম