ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের নতুন জামা-কাপড় কিনে না দেওয়াকে কেন্দ্র করে অভিমানে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত কিশোরের নাম মো. সাব্বির শেখ (১৪)। সে ভাঙ্গা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং মিলন শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা-কাপড় কেনার জন্য সাব্বির তার বড় ভাইয়ের কাছে টাকা চেয়েছিল। তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে তাকে টাকা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে ভাইয়ের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য হয়। পরে অভিমানে শনিবার (১৪ মার্চ) রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন রবিবার (১৫ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ৪:০২ পিএম