ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এক সৌদি প্রবাসীকে অপহরণ করে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মহসিন মোল্লা (৪৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরকান্দা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মহসিন মোল্লা একটি মামলার কাজে ফরিদপুর শহরে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে পুরাতন বাসস্ট্যান্ড থেকে ভাঙ্গাগামী একটি লোকাল বাসে ওঠার সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। পরে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা।
অভিযোগ রয়েছে, চলন্ত মাইক্রোবাসের ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর তাকে শহরের একটি নির্জন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলে একটি চাইনিজ কুড়াল পড়ে থাকতে দেখা গেছে, যা থেকে হামলার ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
পরে স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে কাতরাতে দেখে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে মহসিন মোল্লার বিরোধ চলছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে, ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আহত ব্যক্তি সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত জবানবন্দি নেওয়া হবে। ইতোমধ্যে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৬:১৬ এএম