দরিদ্র পরিবারে স্বপ্নের চাকা—সালথায় জামায়াতে ইসলামীর অটোভ্যান বিতরণ

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ২:৫১ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী। সংগঠনটির সালথা উপজেলা শাখার উদ্যোগে এক হতদরিদ্র ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি নতুন অটোভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে সালথা বাইপাস সড়কের আই লাভ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা এলেম শেখের হাতে অটোভ্যানটি তুলে দেওয়া হয়। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ আয়োজনটি এক ধরনের সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল মুরাদ। তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ইসলামী রাজনীতির মূল লক্ষ্য। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী করে তোলা দান-সদকার চেয়েও অধিক স্থায়ী কল্যাণ বয়ে আনে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মেহেদী হাসান, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তুফাজ্জেল হোসেন, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং স্থানীয় নেতা মো. ওয়ালী উজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অটোভ্যান পেয়ে আবেগাপ্লুত এলেম শেখ বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার কারণে ভারী কাজ করতে না পারায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। এই অটোভ্যানটি তার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। এখন তিনি নিজেই উপার্জন করে পরিবারের ভরণপোষণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এই সহায়তার জন্য জামায়াতে ইসলামী সালথা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন