বঙ্গবন্ধু’র জন্মদিনে ফরিদপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৩:১১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৬তম জন্মবার্ষিকীতে ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঝিলটুলি এলাকার পানির ট্যাংকি মোড় এলাকা থেকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে পর্যন্ত হঠাৎ করেই মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শী ও একটি ভাইরাল ভিডিও থেকে জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ২০-২২ জন ছাত্রলীগ কর্মী ব্যানার হাতে মিছিলে অংশ নেন।

মিছিলকারীদের বহন করা ব্যানারে শেখ হাসিনাকে ঘিরে স্লোগান লেখা ছিল। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন”, “রাজপথ রাজপথ”, “ক্ষমতা না জনতা”সহ নানা রাজনৈতিক স্লোগান দিতে থাকে। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে সটকে পড়ে তারা।

এ ঘটনার ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে মিছিলের বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওটি তামজিদুল রশিদ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘তামজিদুল রশীদ চৌধুরী’ থেকে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, “সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শর্ট নোটিশে আনন্দ মিছিল” অনুষ্ঠিত হয়েছে।

তবে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিছিলে প্রায় ৫০ জন কর্মী অংশ নেন এবং আরো অন্তত ২০ জন বিভিন্ন স্থানে ‘ওয়াচম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তারা ভোররাতে নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি বিতরণ করেছেন বলে জানায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনও সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ নেই। ইতোমধ্যে ভিডিওটি পুলিশের হাতে এসেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের ধারাবাহিকতায় ওই বছরের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে ‘নিষিদ্ধ সত্তা’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম চালানো আইনত দন্ডনীয় হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন