ঈদের কেনাকাটায় ফরিদপুরে জনস্রোত, নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৫:৪৮ পিএম

পবিত্র ঈদকে সামনে রেখে ফরিদপুর শহরের বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে জমে উঠেছে কেনাকাটার আমেজ। বিশেষ করে নিউ মার্কেট ও শরীয়তুল্লাহ বাজার মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে যেন জনসমুদ্রে পরিণত হচ্ছে এসব এলাকা।

শহরের অন্যতম বৃহৎ বিপণিকেন্দ্র নিউ মার্কেটে প্রবেশ করতেই দেখা যায়, গেট থেকে শুরু করে ভেতরের প্রতিটি দোকানে মানুষের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে ঈদের পোশাক কিনতে ব্যস্ত সবাই। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিকস ও নানা প্রয়োজনীয় সামগ্রী কিনতেও ভিড় করছেন ক্রেতারা।

কেনাকাটা করতে আসা সাজেদা নামে এক নারী বলেন, “ঈদ সামনে, তাই পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছি। ভিড় অনেক বেশি, তবে পছন্দের জিনিস পাওয়ায় ভালো লাগছে।”

একই কথা জানান শিউলী আক্তার নামে এক স্কুলছাত্রী। তিনি বলেন, “বন্ধুদের সাথে মিল রেখে নতুন জামা কিনতে এসেছি। মার্কেটে অনেক ভিড়, তবুও ঈদের কেনাকাটার আনন্দটাই আলাদা।”

নিউ মার্কেটের প্রীতি বস্ত্রালয়ের কর্ণধার জয় কাজী জানান, “ঈদকে ঘিরে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। গত কয়েকদিন ধরে বিক্রি অনেক বেড়েছে। বিশেষ করে সকালের পর থেকে বিকেল পর্যন্ত দোকানে ভিড় সামলানো কঠিন হয়ে পড়ছে।”

শুধু নিউ মার্কেটই নয়, শহরের তুষার বস্ত্রালয়, সাহা বস্ত্র বিতান ও সুবর্ণা গার্মেন্টসসহ অন্যান্য দোকানগুলোতেও একই চিত্র দেখা গেছে। অনেক জায়গায় দোকানের সামনে এতটাই ভিড় যে, ভেতরে প্রবেশ করতেই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। কোথাও কোথাও গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

বিক্রেতারা জানান, এ বছর দেশীয় পোশাকের পাশাপাশি থ্রি-পিস, পাঞ্জাবি, শাড়ি ও শিশুদের পোশাকের চাহিদা বেশি। দাম কিছুটা বাড়লেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি।

এদিকে ভিড় সামাল দিতে মার্কেট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি।

ঈদের কেনাকাটার বিষয়ে আইনশৃঙ্খলা সম্পর্কে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে ফরিদপুরের সব মার্কেট ও বিপণিবিতানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। ক্রেতারা যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, “যানজট নিয়ন্ত্রণ ও মানুষের ভিড় ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। কোনো ধরনের চুরি, ছিনতাই বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মার্কেট কর্তৃপক্ষকেও নিজস্ব নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।”

এসপি মো. নজরুল ইসলাম ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, “অতিরিক্ত ভিড়ের মধ্যে সতর্ক থাকবেন, মূল্যবান জিনিসপত্র নিজের কাছে নিরাপদে রাখবেন এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশকে জানান।”

সব মিলিয়ে ঈদের কেনাকাটাকে ঘিরে ফরিদপুরের মার্কেটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তে ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন