ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ভাজনডাঙ্গা এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে কোতোয়ালী থানাধীন সাদিপুর ব্রিজ সংলগ্ন বাজারের একটি গদিতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যবসায়ী মো. মাসুদ সিকদার (৩০) ও তার পিতা মো. দেলোয়ার সিকদারকে (৫৫) স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাজনডাঙ্গা এলাকার বালু ব্যবসায়ী মাসুদ সিকদার ঘটনার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে শ্রমিকদের মজুরি পরিশোধ করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী ব্যবসায়ী শাফায়েত সিকদার ওরফে জয় ও শাহীন সিকদারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে তার অফিসে প্রবেশ করে। হামলাকারীরা মাসুদের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে এবং গামছা দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা চালায়।
একপর্যায়ে সন্ত্রাসীরা ড্রয়ারে থাকা নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। মাসুদ বাধা দিতে গেলে শাহীন সিকদার তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ দেন। আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে দিলে তার বাম হাতের বাহুতে লেগে গুরুতর জখম হয়। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা দেলোয়ার সিকদারও সন্ত্রাসীদের লাঠি ও রডের আঘাতে আহত হন।
আহত মাসুদ সিকদার জানান, প্রতিবেশী ব্যবসায়ী এমদাদ মিয়ার উস্কানিতে জয়, নিরব, বিজয় ও তুহিনসহ বেশ কয়েকজন বহিরাগত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের হাতে পুলিশের খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু দেখা গেছে, যা দিয়ে তাকে ভয় দেখানো হয়। স্থানীয় বাসিন্দা সামছু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো কারণ ছাড়াই প্রকাশ্য দিবালোকে এভাবে কুপিয়ে জখম করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে কোতোয়ালী থানা এলাকায় পুলিশের হারানো অস্ত্র একদল যুবকের হাতে থাকার গুঞ্জন স্থানীয়দের মাঝে তীব্র ভীতি সৃষ্টি করেছে।
তবে এই বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রতিদিন অসংখ্য অভিযোগ থানায় আসে এবং সব বিষয় তাৎক্ষণিকভাবে তদন্ত করা সম্ভব হয় না। হারানো অস্ত্রের বিষয়ে তিনি এখনো অবগত নন বলে উল্লেখ করেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ২:৫০ পিএম