ফরিদপুরে ঝড়ের রাতে মাঠে গিয়ে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ৩:৪২ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সুজন সরকার একই গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে। তার আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের ধানক্ষেতে পানি দেওয়ার জন্য চালু থাকা সেচ মেশিন (সেলো মেশিন) বন্ধ করতে বাবা ও ছেলে একসঙ্গে মাঠে যান। পরে মেশিন বন্ধ করে সুজনের বাবা বাড়িতে ফিরে এলেও সুজন আর ফেরেননি। রাতভর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরদিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ধানক্ষেতে গিয়ে সুজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মধুখালী-বোয়ালমারী-আলফাডা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য চারপাশে বিদ্যুতায়িত তার বসানো ছিল। সেই তারের সংস্পর্শে এসে সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, নিহতের পরিবারের সদস্যদের দাবি, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন