ফরিদপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল হাসপাতাল কর্মীর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৩:৩৬ পিএম

ফরিদপুর সদর উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে আজাহারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় (সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন মাঠে) এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আজাহারুল ইসলাম স্থানীয়ভাবে পরিচিত একজন পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মী কাওসার হোসেন জানান, “আজাহারুল ভাই ও আমি একই সঙ্গে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে কাজ করি। শুক্রবার বিকেলে তার ডিউটি ছিল। কিন্তু দুপুরে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং শুরু হয় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। এমন পরিস্থিতিতে আজাহারুল ইসলাম মাঠে থাকা গরু আনতে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তারা মাঠে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

ঘটনাটি নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রাজকুমার বিশ্বাস বলেন, “ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি গরু আনতে মাঠে যান। পরে পরিবারের লোকজন তাকে মাঠে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে, আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আজাহারুল ইসলাম অত্যন্ত ভদ্র ও পরোপকারী মানুষ ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন