খুঁজুন
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

জনপ্রশাসনে সংস্কার: বৈষম্য ঘোচাতে কী রূপরেখা থাকছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৯ এএম
জনপ্রশাসনে সংস্কার: বৈষম্য ঘোচাতে কী রূপরেখা থাকছে

সরকারকে জনমুখী করতে জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ সুপারিশ রাখছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

সরকারি চাকরিতে প্রচলিত ‘ক্যাডার’ শব্দ বাদ দিয়ে সিভিল সার্ভিস রাখার পাশাপাশি বৈষম্য দূর করতে পদোন্নতিতে ভারসাম্য ও সমানুপাতিকভাবে সুযোগ-সুবিধা বাড়ানোর মত সুপারিশ রাখা হচ্ছে কমিশনের প্রতিবেদনে।

দীর্ঘমেয়াদের জন্য টেকসই পরামর্শ দেওয়ার পাশাপাশি সব সার্ভিসের জন্য সুবিচারের দৃষ্টিভঙ্গি নিয়ে সুপারিশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া।

জনপ্রশাসনে ‘ভারসাম্য রাখতে’ রূপরেখা তুলে ধরা হচ্ছে বলে জানান সংস্কার কমিশনের আরেক সদস্য সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে।

জেলা-উপজেলায় গিয়ে মতামত নেওয়া, জনমত ও অনলাইনে মতামত নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “প্রতিবেদন জমার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে তা করতে পারেনি। এগুলোর ভিত্তিতে আজকে প্রতিবেদন চূড়ান্ত করে স্বাক্ষর করা হবে। প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে। এখন এর বাইরে আমি কিছু জানাতে পারব না।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গত ৩ অক্টোবর ১১ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমার কথা ছিল। পরে কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

জনপ্রশাসনে পদোন্নতির জন্য পরীক্ষা দেওয়ার বিষয়টিও যৌক্তিক মনে করেন না সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার।

বৈষম্য নিয়ে তোলপাড়

উপসচিব পদে পদোন্নতির একটি নতুন বিধান চালুর সুপারিশ থাকতে পারে সংস্কার কমিশনের প্রতিবেদনে, যেখানে প্রশাসন ক‌্যাডার থেকে ৫০ ও অন‌্য ক‌্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতির বিধান রাখার কথা বলা হতে পারে।

বর্তমান বিধিমালা অনুযায়ী, প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এ নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদ আন্দোলনও করছে। তারা কোটা ব্যবস্থার বিলোপ চায়।

গত ১৭ ডিসেম্বর এক সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ‘পরীক্ষার মাধ্যমে’ জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতি দেওয়া এবং পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কোটা ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করার কথা বলেন।

তার বক্তব্যের প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এ নিয়ে প্রশাসন ও বাকি ২৫ ক্যাডারের মধ্যে উত্তেজনার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়লে ‘সব ভুল বোঝাবুঝির অবসান’ ঘটবে।

দৃষ্টিভঙ্গি সবার প্রতি জাস্টিস: আইয়ুব মিয়া

মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে বুধবার জমা দেওয়ার কথা রয়েছে। তবে প্রতিবেদন জমার আগে ‘কী ধরনের সংস্কারের সুপারিশ রয়েছে সে বিষয়ে খুঁটিনাটি তুলে ধরতে চাননি তিনি।

এ সদস্য বলেন, সংস্কার কমিশন এ পর্যন্ত অন্তত ৫০টি বৈঠক করেছে। মাঠ পর্যায় ও নানা মহল থেকে সুপারিশ, বক্তব্য পাওয়া গেছে। ডেটা অ্যানালাইসিস করা হয়েছে, জনমত নেওয়া হয়েছে; জনমতকে (জরিপ) গুরুত্ব দেওয়া হয়েছে।

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমিয়ে ৫০ শতাংশ করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য প্রস্তাবের প্রতিবাদে ডিসেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিক্ষোভ দেখান কর্মকর্তারা। ফাইল ছবি

বর্তমান বাস্তবতায় প্রশাসনে অস্থিরতার বিষয়ে কোনো সুপারিশ রয়েছে কি না জানতে চাইলে আইয়ুব মিয়া বলেন, “সাম্প্রতিক যেসব প্রবলেম, সেগুলো তো আমরা ডিল করিনি। আমরা দীর্ঘমেয়াদের জন্য সাসটেইনেবল পরামর্শ দেওয়ার দিকে নজর রেখেছি। তাৎক্ষণিক কী প্রমোশন হল, পদোন্নতি হল- এগুলো আমাদের এখতিয়ার নয়, আমাদের কাজ নয়। এগুলো গভার্নমেন্ট আলাদাভাবে দেখছে।”

আন্তঃক্যাডার বৈষম্যের নানা দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি, সবার মধ্যে সুইটেবল জাস্টিস-সেটার একটা বিষয় রেখেছি। সবার প্রতি জাস্টিস- আমরা এ দৃষ্টিভঙ্গি দিয়ে সুপারিশ রাখার চেষ্টা করেছি।”

চুক্তিভিত্তিক নিয়োগ, পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা, প্রশাসনিক প্রদেশের বিষয়ে সুপারিশ থাকার ইঙ্গিত দেন তিনি।

বৈষম্য ঘোচাতে ভারসাম্য আনতে একটা রূপরেখা রয়েছে: হাফিজুর রহমান

জনপ্রশাসন সংস্কার কমিশনের আরেক সদস্য সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান প্রশাসনে ভারসাম্য আনা, প্রশাসনিক প্রদেশের সুপারিশের বিষয়ে বলেছেন, “চ্যাপ্টার বাই চ্যাপ্টার থাকবে প্রতিবেদনে। রিপোর্ট আজ বাঁধাই হবে। এগুলো আমাদের রিপোর্টের মধ্যে মোটামুটিভাবে অ্যানালাইসিস করে, একটা আলোচনা-পর্যালোচনা করে একটা মতামত দেওয়া রয়েছে।”

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা- চারটি প্রশাসনিক প্রদেশে বিভক্ত করার সুপারিশ থাকতে পারে কমিশনের প্রতিবেদনে।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদে এই সুপারিশের বিষয়ে হাফিজুর রহমান বলেন, “প্রদেশ- এটা তো অনেক বড় ব্যাপার। শুনছি-রিপোর্ট পাওয়ার পরে পলিটিক্যাল পার্টি, সবার সাথে আলোচনা করে উনারা সিদ্ধান্ত নিতে পারেন। জনসংখ্যা আগে ছিল ৭ কোটি, এখন ১৮ কোটি। সুবিধা-অসুবিধা অনেকগুলো বিষয়। এ নিয়ে বিতর্ক আলোচনার মধ্যে আছে, আরও কিছু বিষয় আছে।”

আন্তঃক্যাডার বৈষম্য দূর ও পদোন্নতি সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে সুপারিশ থাকছে বলে জানান এ সদস্য।

তিনি বলেন, “আমরা একটা পরামর্শ রেডি করেছি- যাতে সমানুপাতিকভাবে সবাই সুযোগ-সুবিধা পেতে পারে। সরকারের কাজ করাই তো ব্যাপার; সুযোগ-সুবিধা নেওয়া তো ব্যাপার নয়; সবাই তো বেতন পায়। দেশের উন্নয়নের জন্য, মানুষের উপকারের জন্য যেভাবে চালাবে সেভাবে চলবে। সবার মতামত কম্বাইনড করে মোটামুটিভাবে একটা সুপারিশ থাকছে।”

পদোন্নতির ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “…এদেশের যারা মালিক তাদের কাজ করতে গিয়ে, আমারও দায়িত্ব পালন করতে গিয়ে একটা স্বীকৃতির দরকার। স্বীকৃতিটা সবাই চায়, স্বীকৃতির চাহিদা আছে সবার। সব বিবেচনা করে মোটামুটিভাবে একটা রূপরেখা দিয়েছি আমরা।”

সাবেক এ আমলা বলেন, “কমিশনের সুপারিশ পাওয়ার পর সরকারের আলাদা এক্সপার্ট রয়েছে, তারা দেখবেন, পর্যালোচনা করবেন, বিবেচনা করবেন এবং অনেকের সাথে কথা বলবেন। যেটা বাস্তবায়ন করার করবেন।”

গতবছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দাবি-দাওয়ার ‘প্রাণকেন্দ্র’ হয়ে ওঠে সচিবালয়। ফাইল ছবি

‘ক্যাডার’ নয়, ‘সার্ভিস’ হবে

সরকারি চাকরিতে ‘ক্যাডার’ শব্দটি তুলে দেওয়ার সুপারিশ থাকছে সংস্কার কমিশনের প্রতিবেদনে।

কমিশন সদস্য হাফিজুর রহমান বলেন, “সবগুলো সার্ভিস করার চিন্তাভাবনা করা আছে।…ক্যাডার শব্দটি আমরা (বাদ) দেওয়ার সুপারিশ করতে চাচ্ছি। ক্যাডার শব্দ দিয়ে অন্য কিছু বোঝায়। ক্যাডারটা না করে সার্ভিস রাখতে বলছি। বাংলাদেশ হেলথ সার্ভিস, এগ্রিকালচার সার্ভিস- নানা সার্ভিস হবে। এভাবে নামকরণের চিন্তা করছি।”

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) সব মিলিয়ে ক্যাডার রয়েছে ২৬টি।

বিসিএস (ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি বিষয়ে পিএসসির ওয়েবসাইটে বলা হয়েছে- বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য প্রণীত বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী বিসিএস-এর ২৬টি ক্যাডারে উপযুক্ত প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে কমিশনে ৩ স্তরবিশিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয়।

এক মত বিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী

প্রশাসনিক প্রাদেশ ‘সম্ভব না’, ৫০-৫০ কোটায় আপত্তি বিশ্লেষকের

সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রাদেশিক প্রশাসন ও পদোন্নতিতে ৫০-৫০ বণ্টনের যে সুপারিশ করা হচ্ছে, তা নিয়ে ভিন্নমত পোষণ করেন প্রশাসন বিষয়ে গবেষক এ কে এম আব্দুল আউয়াল মজুমদার। তবে ‘ক্যাডার’ শব্দটি উঠিয়ে দেওয়ার প্রশংসা করেছেন তিনি।

সাবেক এই সচিব বলেন, “এরকম পৃথিবীর কোথাও নেই। আফ্রিকা, ইউরোপ কোথাও বিসিএস ব্র্যাকেটে খাদ্য, বিসিএস ব্র্যাকেটে প্রশাসন- এসব কোথাও নেই। ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য সব জায়গায় যেখানে সিভিল সার্ভিস টাইপের আছে, সবখানে সার্ভিস। কমিশন ব্র্যাকেট তুলে দিয়ে ভালো কাজ করেছে।

“১৯৭৯ সালে মাজেদুল হক সাহেব করেছিলেন; আমাদের এখানেও এটা আগে ছিল সার্ভিস। সিভিল সার্ভিস অব পাকিস্তান, পুলিশ সার্ভিস অব পাকিস্তান, পাকিস্তান ফরেন সার্ভিস- এরকম। এ কারণে উনারা এটা সার্ভিস করে দিয়েছেন, এটা যুক্তিসঙ্গত করেছেন।”

তবে পদোন্নতিতে ৫০-৫০ কোটার বিষয়ে ভিন্নমত রয়েছে সাবেক এ আমলার।

নিজেকে জনপ্রশাসন বিষয়ক একজন ছাত্র, গবেষক হিসেবে বর্ণনা করে আব্দুল আউয়াল বলেন, “ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া-সব জায়গায় এনট্রান্সে যে যেখানে যাচ্ছেন, সেখানেই গড়ে উঠছেন। এখন ৪০তম ব্যাচ থেকে তো আর কোটা নেই। তাই যিনি যেখানে ঢুকবেন, সেখানে তৈরি হওয়ার বিষয় রয়েছে। ১০/১২/১৪ বছর পরে একজন কর্মকর্তা হঠাৎ উপসচিব হয়ে এসে তৈরি হওয়া খুব ডিফিকাল্ট।”

বিশ্ব এখন দুই ধরনের সিভিল সার্ভিস রয়েছে জানিয়ে তিনি বলেন, “ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া-একরকম; এগুলো হলো লাইন প্রমোশন। আমেরিক, কানাডা, অস্ট্রেলিয়া-সেখানে ওপেন সিলেকশন। একটা পদ খালি হলে তখন দরখাস্ত আহ্বান করা হবে। যোগ্যতার ভিত্তিতে ভেতরে-বাইরের সবাই দরখাস্ত করতে পারেন।

“ধরেন ঢাকার অধ্যক্ষ বা এসপির পদ খালি হবে যখন, তখন অ্যাডভারটাইজমেন্ট হবে, যোগ্যরা আবেদন করতে পারবে। ইনডিপেন্ডেন্ট কমিশন বা কমিটি করা থাকে, সাক্ষাৎকার নিয়ে তারা বাছাই করবে। এটা ওপেন সিলেকশন। লাইন প্রমোশন হচ্ছে- সহকারী কমিশনার হিসেবে ঢুকলেন, প্রমোশন পেয়ে পেয়ে সেখান থেকে ডিসি, কমিশন, সেক্রেটারি হবেন।”

এখন আর কোটা নেই মন্তব্য করে তিনি বলেন, “আগে কোটার কারণে হয়ত কুমিল্লার একজন বেশি নম্বর পেয়ে পেছনের দিকের ক্যাডার পেত; লালমনিরহাটের একজন কম নম্বর পেয়ে সামনের দিকের ক্যাডার পেত। সে কারণে ২৫% রাখার একটা ভিত্তি ছিল।

“কিন্তু এখন যেহেতু আর ওরকম কোটা নেই; মেধার ভিত্তিতে নম্বরের ভিত্তিতে পছন্দের ভিত্তিতে একটি ক্যাডারে যোগ দেবেন। সেখানে তিনি তৈরি হবেন।”

প্রশাসন ক্যাডারের সাবেক এ কর্মকর্তা বলেন, “শুধু অ্যাডমিনে যারা জয়েন করবে, তারা সচিবালয়ের পদগুলোর জন্য তৈরি হবে। ফিল্ডে, সচিবালয়ে কাজ করে তৈরি হবে, যেভাবে সিএসপিরা তৈরি হয়েছে। অন্য ক্যাডারদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দেন। অন্য ক্যাডার থেকে এভাবে আসে না। প্রেসিডেন্টের হাতে ১০% আছে, তিনি মনে করলে যোগ্য লোকদের আনেন।”

অন্য ক্যাডারদের সুবিধা বাড়িয়ে দিলে আন্তঃক্যাডারের প্রশ্ন আসবে না বলে মনে করেন তিনি।

পদোন্নতির জন্য পরীক্ষা দেওয়ার বিষয়টিও যৌক্তিক মনে করেন না সাবেক এ সচিব। তার মতে, যার যার ক্যাডারে পদোন্নতির বিধান থাকতে পারে।

বিকেন্দ্রীকরণ নিশ্চিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা- এ চার প্রদেশ গঠনের মত যোগ্যতা এখনও বাংলাদেশে অর্জন করেনি বলে মন্তব্য করেন এ সাবেক আমলা।

“এতে দুর্নীতি বাড়বে। ওভারহেড কস্ট বাড়বে। মানুষের কোনো কল্যাণ হবে বলে আমি মনে করি না। কিছু লোকের হয়ত চাকরি হবে, ভোগ-উপভোগ করবে। কিন্তু মানুষের কল্যাণ হবে না।”

–বিডিনিউজ টোয়েন্টিফোর

‘ইনসাফের কথা’

মামুন সিকদার
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ এএম
‘ইনসাফের কথা’

মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল,
এক হাদি’কে গুলিবিদ্ধ করে
ক্ষান্ত করিতে পারিবে না বল।

মোরা শত শত হাদি আছি বাংলা জুড়ে
ক’টা গুলি আছে বল? হায়েনার দল,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।

মোরা থামবো না, মোরা থামবো না
ইনসাফের পথে করিবো সংগ্রাম,
বাংলা জুড়ে যারা করে ছল
অপশক্তি বিনাশ করিবো, আমরা আছি যারা।

তবু থামবো না, তবু থামবো না
আসুক যত ঝড় ও তুফান,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।

হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে যা জানা জরুরি: ছড়ায় কীভাবে, লক্ষণ ও প্রতিকার?

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ এএম
হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে যা জানা জরুরি: ছড়ায় কীভাবে, লক্ষণ ও প্রতিকার?

হেপাটাইটিস বি একটি মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য লিভারজনিত ভাইরাস সংক্রমণ। হেপাটাইটিস বি ভাইরাস (HBV) থেকে এ রোগ হয়, যা স্বল্পমেয়াদি (একিউট) কিংবা দীর্ঘস্থায়ী (ক্রনিক) আকার ধারণ করতে পারে। উপসর্গ অনেক সময় দেরিতে প্রকাশ পাওয়ায় একে চিকিৎসা বিজ্ঞানে ‘নীরব ঘাতক’ও বলা হয়। বাংলাদেশে এ রোগের প্রাদুর্ভাব তুলনামূলক বেশি।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ জীবনের কোনো এক সময়ে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩০ কোটি মানুষ দীর্ঘস্থায়ী সংক্রমণ নিয়ে বসবাস করছেন। প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয় এ রোগের জটিলতায়।

কীভাবে ছড়ায় হেপাটাইটিস বি

হেপাটাইটিস বি ভাইরাস মূলত আক্রান্ত ব্যক্তির রক্ত ও শরীরের অন্যান্য তরলের মাধ্যমে ছড়ায়। যেমন—

সংক্রমিত রক্তের সংস্পর্শ

একই সুচ বা সিরিঞ্জ একাধিকবার ব্যবহার (বিশেষ করে মাদক গ্রহণকারীদের মধ্যে)

অরক্ষিত যৌন সম্পর্ক

প্রসবের সময় মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ

অনিরাপদ রক্ত সঞ্চালন (বর্তমানে অনেক কম)

ট্যাটু, বডি পিয়ার্সিং বা অনিরাপদ চিকিৎসা ও সার্জিক্যাল যন্ত্র ব্যবহার

টুথব্রাশ, রেজারসহ ব্যক্তিগত সামগ্রী ভাগাভাগি

অঙ্গপ্রত্যঙ্গ দান

স্বাস্থ্যসেবা কর্মীরাও সংক্রমিত রক্তের সংস্পর্শে এলে ঝুঁকিতে থাকেন।

হেপাটাইটিস বি-এর লক্ষণ

অনেক ক্ষেত্রেই সংক্রমণের পর প্রথম ১–৪ মাস কোনো লক্ষণ বোঝা যায় না। শিশুদের ক্ষেত্রে উপসর্গ একেবারেই নাও থাকতে পারে। তবে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা

জ্বর

ক্ষুধামান্দ্য

বমি বমি ভাব বা বমি

পেটে ব্যথা

গাঢ় রঙের প্রস্রাব

সন্ধি বা অস্থিসন্ধিতে ব্যথা

ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)

রোগ গুরুতর হলে লিভার বিকল হলে মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।

কীভাবে রোগ নির্ণয় করা হয়

হেপাটাইটিস বি সনাক্ত করতে চিকিৎসকেরা কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন—

রক্ত পরীক্ষা (HBsAg, অ্যান্টিবডি)

লিভার ফাংশন টেস্ট

পিসিআর টেস্ট (ভাইরাসের পরিমাণ নির্ণয়)

আল্ট্রাসাউন্ড

প্রয়োজনে লিভার বায়োপসি

দ্রুত রোগ সনাক্ত হলে জটিলতা এড়ানো সম্ভব।

চিকিৎসা কীভাবে হয়

একিউট হেপাটাইটিস বি:

অধিকাংশ ক্ষেত্রে নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় না। বিশ্রাম, পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি গ্রহণই যথেষ্ট।

ক্রনিক হেপাটাইটিস বি:

অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োজন হয়। মুখে খাওয়ার ও ইনজেকশন—দুই ধরনের চিকিৎসাই রয়েছে। মুখে খাওয়ার ওষুধ সাধারণত দীর্ঘদিন বা আজীবন চালিয়ে যেতে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। বর্তমানে ব্যবহৃত ওষুধ ভাইরাস পুরোপুরি নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এবং পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম।

চিকিৎসার পর সুস্থ থাকতে করণীয়

চিকিৎসকের পরামর্শ মেনে চলা

পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ

পর্যাপ্ত পানি পান

অ্যালকোহল পরিহার

নিয়মিত হালকা ব্যায়াম

পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম

উপসর্গ বাড়লে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া

হেপাটাইটিস বি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়

হেপাটাইটিস বি একটি নিরাপদ ও কার্যকর টিকার মাধ্যমে প্রায় ১০০ শতাংশ প্রতিরোধযোগ্য।

বাংলাদেশে ২০০৩–২০০৫ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় শিশুদের জন্মের পর বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে। পূর্ণবয়স্করাও যেকোনো বয়সে ০, ১ ও ৬ মাসে মোট ৩ ডোজ টিকা নিয়ে সুরক্ষা পেতে পারেন।

তবে টিকা নেওয়ার আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হয়—আগে ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না বা শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না। একবার সংক্রমিত হলে টিকা আর কার্যকর নয়।

সম্ভাব্য জটিলতা

দীর্ঘস্থায়ী লিভার রোগ

সিরোসিস

লিভার ক্যান্সার

লিভার ফেইলিওর

অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া

বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস বি ভয়ংকর হলেও সময়মতো সচেতনতা, টিকা ও চিকিৎসার মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মানাই এ রোগ প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র।

সূত্র : যুগান্তর

ভোটের পর নতুন সরকারের সামনে যেসব বড় চ্যালেঞ্জ?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ এএম
ভোটের পর নতুন সরকারের সামনে যেসব বড় চ্যালেঞ্জ?

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথে আলোচনায় আসতে শুরু করেছে যে ভোট পরবর্তী নতুন সরকারের জন্য কোন কোন বিষয়গুলো বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে।

ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ তাদের এক নিবন্ধে নতুন সরকারের জন্য অন্তত পাঁচটি বড় ধরনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক সমঝোতার মতো জটিল বিষয়’।

অবশ্য সংস্থাটি এটিও বলছে যে, নির্বাচিত সরকার হওয়ার কারণে সমস্যা সমাধানে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিতে পারবে।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর মব সন্ত্রাসসহ বিভিন্ন কারণে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণটা এবং এটি করতে যে রাষ্ট্র বা সরকারের সক্ষমতা আছে প্রাথমিকভাবে সেটি প্রমাণ করাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ।

তারা বলছেন, আওয়ামী লীগ ইস্যু ছাড়াও ভারতের সাথে সম্পর্ক এবং বৈশ্বিক চাপ সামলিয়ে রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থান নেওয়াটাই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ক্রাইসিস গ্রুপের দিক থেকেও নতুন সরকারের চ্যালেঞ্জগুলোর তালিকায় এসব ইস্যু ঠাঁই পেয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে দৃশ্যত মূল প্রতিযোগিতা হচ্ছে বিএনপি জোট ও জামায়াতে ইসলামীর জোটের মধ্যে এবং দুই জোটই ক্ষমতায় যাওয়ার আশা করছে।

২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটির কার্যক্রম অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে।

যেসব চ্যালেঞ্জ চিহ্নিত করেছে ক্রাইসিস গ্রুপ

ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট টোমাস কিনের একটি নিবন্ধ সোমবার প্রকাশ করেছে সংস্থাটি। এতে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত দেড় বছরে বাংলাদেশে সামগ্রিক চলমান ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

এই নিবন্ধেই তিনি বাংলাদেশের নতুন সরকারকে সম্ভাব্য যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার একটি ধারণা দিয়েছেন।

তিনি বলেছেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন বেশ কয়েকটি কারণেই গুরুত্বপূর্ণ। এই ভোট বাংলাদেশকে শুধু সাংবিধানিক কাঠামোতেই ফেরাবে না, বরং ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনের পর প্রথমবারের মতো সত্যিকার জনরায়ের ভিত্তিতে একটি সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে।

“দুর্বল প্রতিষ্ঠান থেকে শুরু করে পোশাক রপ্তানি ও রেমিট্যান্সের ওপর অতিমাত্রায় নির্ভরশীল ধীরগতির অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবসহ একগুচ্ছ চ্যালেঞ্জ নতুন প্রশাসনকে মোকাবেলা করতে হবে। তাকে সামলাতে হবে ভারতের সাথে সম্পর্কের ইস্যুসহ যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার প্রভাব ও রোহিঙ্গা ইস্যুসহ জটিল পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক,” ওই নিবন্ধে বলা হয়েছে।

টোমাস কিন লিখেছেন, হাসিনার পতনের পর হিযবুত-তাহরিরের মতো উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব এবং এদের মোকাবেলায় রাষ্ট্রীয় বাহিনীর সক্ষমতা নিয়ে উদ্বেগ আছে।

তার মতে, নির্বাচনের পরে নতুন সরকারকে রাজনৈতিক সমঝোতার জটিল ইস্যুও মোকাবেলা করতে হবে, কারণ ইতিহাস ও শক্ত ভোট ভিত্তির কারণে আওয়ামী লীগকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়।

“২০২৪ সালের জুলাই–আগস্টে দলের কর্মকাণ্ডের কারণে নতুন নেতৃত্বের অধীনে হলেও আওয়ামী লীগকে আবার নির্বাচনী রাজনীতিতে ফিরতে দেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। আওয়ামী লীগের কোনোভাবে প্রত্যাবর্তনের শর্ত নিয়ে প্রধান রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠলে এই ইস্যুকে কেন্দ্র করে সংঘাতের ঝুঁকি কমবে”।

টোমাস কিন লিখেছেন, তিনি মনে করেন এটি করতে হলে আওয়ামী লীগকে আগে সহিংসতার জন্য অনুশোচনা করতে হবে, যা করতে শেখ হাসিনা এখনো অস্বীকৃতি জানিয়ে আসছেন।

তবে এক্ষেত্রে সমঝোতায় পৌঁছাতে ভারত ও অন্য বিদেশি প্রভাবশালী সরকারগুলো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে বলে তিনি মনে করেন।

তার মতে, দেশের তরুণদের আশা পূরণে ব্যর্থতার কারণে আগামী বছরগুলোতে দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি আসতে পারে।

এগুলোই প্রধান চ্যালেঞ্জ?

টিআইবির নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান বলছেন, নতুন প্রশাসনের সামনে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একই সাথে দেশ শাসন ও রাজনীতির ক্ষেত্রে পুরনো সংস্কৃতির পরিবর্তন করে ভিন্নতাটা তুলে ধরে জনমনে আস্থা অর্জন করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

“কর্তৃত্ববাদ পরবর্তী সময়ে মবসহ আইন শৃঙ্খলার যে অবস্থা তৈরি হয়েছে সেই বিবেচনায় আইন শৃঙ্খলা ঠিক করা এবং রাষ্ট্র ও সরকার যে সেটি করতে সক্ষম সেই আস্থা জনমনে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ তাদের থাকবে,” বলেছেন তিনি।

ক্রাইসিস গ্রুপের নিবন্ধেও বলা হয়েছে, আইনশৃঙ্খলা খাতে সংস্কার প্রায় অগ্রগতি পায়নি এবং পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থা ফেরেনি।

এছাড়া পুলিশের দুর্বল অবস্থানের কারণে মব সন্ত্রাস, বিশেষ করে দল বেঁধে মানুষকে পিটিয়ে হত্যা বেড়েছে। র‌্যাব, ডিজিএফআইয়ের মতো সংস্থাগুলোতে সংস্কার হয়নি বলে ওই নিবন্ধে বলা হয়েছে।

প্রসঙ্গত, দেশটির অন্তত তিনটি মানবাধিকার সংগঠন ২০২৫ সালের অর্থাৎ গত এক বছরের যে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, মব ভায়োলেন্স বা সন্ত্রাস বছর জুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে।

এসব সংগঠন বলছে, ২০২৫ সাল জুড়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে ভিন্নমত ও রাজনৈতিক ভিন্ন আদর্শের মানুষ এবং মাজার, দরগা ও বাউলদের ওপর হামলা, নিপীড়নের ঘটনা ক্রমাগত বাড়লেও এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ খুব একটা দেখা যায়নি। এমনকি পুলিশের উপস্থিতিতেও মবের মতো ঘটনা ঘটতে দেখা গেছে।

এসব ক্ষেত্রে ব্যবস্থা না নিয়ে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং ভয় আরো বাড়িয়ে দিয়েছে বলেও অনেকে মনে করেন। ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনাতেও সরকারের দিক থেকে কার্যকর কোনো তৎপরতা দেখা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙ্গে পড়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান, থানা, পুলিশ, সচিবালয়সহ কোথাও কোন চেইন অব কমান্ড নেই।

“এ বিশৃঙ্খলা থেকে মুক্তিটাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। বিভিন্ন জায়গায় কিছু ব্যক্তি দানব হয়ে ওঠেছে এবং তারা যা খুশী করছে। দেখার বিষয় হবে পরবর্তী সরকার কিভাবে এটি মোকাবেলা করে,” বলেছেন মি. রহমান।

এবার সংসদ নির্বাচনের সাথে গণভোটও হবে সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে। ফলে নির্বাচনে যারাই জিতবেন তারা রাষ্ট্র সংস্কারের জন্য সাংবিধানিক সংস্কার, সংসদে আইন প্রণয়ন ও রাষ্ট্রপরিচালনা- এই তিন ক্ষেত্রেই ভূমিকা রাখার সুযোগ পাবেন।

কিন্তু এক্ষেত্রে অতীতের সরকার ও রাজনীতির যে সংস্কৃতি সেটির পরিবর্তে জনপ্রত্যাশা পূরণে কতটা ভিন্নতা তারা দেখাতে পারেন সেটিও নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হবে বলে মনে করেন ডঃ ইফতেখারুজ্জামান।

তবে ক্রাইসিস গ্রুপের নিবন্ধে আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতার যে চ্যালেঞ্জের ইঙ্গিত দেওয়া হয়েছে সে বিষয়ে ডঃ ইফতেখারুজ্জামান মনে করেন, নতুন সরকারকে প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ও আওয়ামী লীগের নিজের পদক্ষেপের ওপর অনেকটাই নির্ভর করতে হবে।

ইতোমধ্যেই ঢাকায় বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজার দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসা এবং পরে ভারতের লোকসভায় মিসেস জিয়ার মৃত্যুতে শোক প্রকাশকে – ভারত সরকারের দিক থেকে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহের একটি ইঙ্গিত বলেও মনে করছেন অনেকে।

“আওয়ামী লীগের ইস্যুটি দলটির নিজের ওপর অনেকখানি নির্ভর করে। পাশাপাশি বড় প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টিও নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে,” বলছিলেন ডঃ ইফতেখারুজ্জামান।

অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলছেন, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চ্যালেঞ্জ যেমন নিতে হবে, তেমনি রোহিঙ্গা ইস্যুতে প্রভাবশালী কিছু দেশ যেভাবে চাপ তৈরি করতে শুরু করেছে নতুন সরকারকে সেটিও সামলাতে হবে।

“স্থবির ব্যবসা বাণিজ্যকে সচল করা এবং পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়া শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জও নতুন সরকারকে নিতে হবে,” বলছিলেন মি. রহমান।

সূত্র : বিবিসি বাংলা