খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

ফরিদপুরে ভূয়া প্রত্যয়নপত্র দিলেন মেম্বার, চাকরি গেল উদ্যোক্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:৩৪ পিএম
ফরিদপুরে ভূয়া প্রত্যয়নপত্র দিলেন মেম্বার, চাকরি গেল উদ্যোক্তার

নিয়ম বহির্ভূতভাবে জন্ম নিবন্ধন দেওয়ায় ফরিদপুরের চরভদ্রাসনের একটি ইউনিয়ন পরিষদের আইডি স্থগিত করেছে স্থানীয় সরকার বিভাগ। আর সেই অপরাধে দোষী সাব্যস্ত করে এক উদ্যোক্তাকে নিয়ম বহির্ভূত ভাবে অব্যহতি দিয়েছে ইউপি চেয়ারম্যান।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ৯ জুলাই ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়জিত ডিডিএলজি বরাবর আবেদন করেছেন উদ্যোক্তা সাইমুল ইসলাম (৩৮)। এ ঘটনাটি ঘটেছে জেলার চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন ইউনয়ন পরিষদে।

তিনি চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বৈকুন্ঠ সরকারের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক ফকিরের ছেলে। সাইমুল জানান, আমি চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে ২০১৯ সাল থেকে উদ্যোক্তা হিসেবে কাজে যোগ দেই। সর্বশেষ গত ২০২২ সালে পুনরায় চুক্তবদ্ধ হয়ে অদ্যবধি কাজ করতেছিলাম।

প্রতিকার চাওয়া উদ্যোক্তা সাইমুল ইসলামের আবেদন সূত্রে জানা যায়, চলতি বছর ফেব্রয়ারী মাসে চরভদদ্রাসন উপজেলার চরভদ্রাসন ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আলেপ মন্ডল রাকিব মোল্লা নামে এক ব্যক্তিকে তার ওয়ার্ডের অন্তর্ভূক্ত হাজিডাঙ্গী গ্রামের বাসিন্দা উল্লেখ করে একটি প্রত্যয়নপত্র প্রদান করেন। তার তথ্যের ভিত্তিতে রাকিবের জন্ম নিবন্ধনের একটি আবেদন করেন উদ্যোক্তা সাইমুল ইসলাম। নিয়ম অনুযায়ী আবেদনটি ইউপি সচিব জামায়েতুল ইসলাম গ্রহন করেন ও ইউপি চেয়ারমান আজাদ খান নিবন্ধক হিসেবে আবেদনটির অনুমোদন দেন। রাকিব মোল্লার জন্মনিবন্ধন নম্বর ২০০৪২৯৩২১১৯১৩৬৯৮২। পরবর্তীতে জানা যায়, রাকিব মোল্লা চরভদ্রাসনের বাসিন্দা নন, একই জেলার পাশের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের বাসিন্দা মো. কাউসার মোল্লার ছেলে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ৯ জুলাই ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়জিত ডিডিএলজি বরাবর আবেদন করেছেন উদ্যোক্তা সাইমুল ইসলাম (৩৮)।

সাইমুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন দেওয়া রকিব মোল্লার প্রকৃত ঠিকানা গোপন করে প্রত্যয়ন প্রদান করেন ইউপি সদস্য আলেপ মন্ডল। একপর্যায়ে এ বিষয়টি স্থানীয় সরকার বিভাগ অবগত হন এবং ইউনিয়ন পরিষদের আইডিটি স্থগিত করেন। এর প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আজাদ খান গত ৭ মে আমাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেন। সাইমুল ১২ মে এ কারণ দর্শানো নোটিশের জবাব দেন।

তিনি আরো বলেন, ইউপি সদস্যের প্রত্যয়নের ভিত্তিতে আবেদন করায় আমি এ জন্ম সনদ দিয়েছি। ওই জবাব দেওয়ার পর ইউপি চেয়ারম্যান আজাদ খান আর কোন নোটিশ না দিয়ে গত ৩ জুলাই আমাকে উদ্যোক্তা হতে অব্যাহতি দিয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের সকল প্রকার যন্ত্র ও পণ্য বুঝিয়ে দিতে বলেন।
তবে সাইমুলের দেওয়া কাগজ চুক্তিপত্র পরীক্ষা করে দেখা যায়, উদ্যোক্তা হিসেবে নিয়োগ প্রদান বা অব্যাহতি প্রদানের এখতিয়ার রয়েছে শুধুমাত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা জেলা প্রশাসকের।

প্রত্যয়ন পত্র দেওয়ার বিষয়ে ইউপি সদস্য আলেপ মন্ডল বলেন, তিনি রাকিবকে চেনেন না। তার (রাকিব) প্রত্যয়ন পত্রে তিনি স্বাক্ষর করেছেন কিনা কিংবা ভোটার হাল নাগাদ করার সময় কিভাবে কে কে যে স্বাক্ষর করেন তা তিনি মনে করতে পারছেন না।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, সদর ইউপির উদ্যোক্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এ বিষয়ে আমি অবগত না। এমনকি বিষয়টি কেউ আমাকে জানাননি।

ইউএনও বলেন, একজন উদ্যোক্তাকে ইউএনও অথবা জেলা প্রশাসকের অনুমোদনক্রমে অব্যাহতি দেওয়া যেতে পারে। চুক্তিপত্র অনুযায়ী ইউপি চেয়ারম্যান উদ্যোক্তাকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখেন না।

তবে ইউএনও বক্তব্যের ভিন্নমত পোষণ করে ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, ‘‘যেহেতু সাইমুল আমার প্রতিষ্ঠানে বা আমার অধীনে কাজ করেন, কাজেই তাকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার বা ক্ষমতা আমারও আছে।”

ইউপি সদস্যদের প্রত্যয়ন পত্র দেওয়ার অধিকার নেই উল্লেখ করে ইউপি চেয়ারমান আজাদ খান বলেন, এজন্য আমরা উদ্যোক্তাদের কাছে ইউনিয়নের আইডি পাসওয়ার্ড দিয়ে রাখি। তবে অনেক সময় তারা (উদ্যেক্তারা) পয়সা খাওয়ার জন্য এ জাতীয় অন্যায় কাজ করে থাকেন যার কারণে তাদের বিপদে পড়তে হয়।

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।