মধুখালীতে সেনা-পুলিশের সাঁড়াশি অভিযান, মাদকসহ ধরা পড়লো নারীসহ তিনজন
ফরিদপুরের মধুখালী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানের সময় ইয়াবা ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুই মাদক কারবারি পালিয়ে গেছে।
আটক আসামিদের মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল উপজেলার বাগাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাগাট বাজারের জাকিরের মাংসের দোকানের পেছনের কাঁচা রাস্তায় অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। যৌথ বাহিনীর সহায়তায় সজিব ফকির (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার ৫২০ টাকা নগদ ও একটি নোকিয়া বাটন ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকার করেন, তিনি তার সহযোগী মো. ওবায়দুর রহমানের সঙ্গে মধুখালী থানার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অন্যদিকে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দাহ গ্রামে পৃথক অভিযান চালিয়ে যৌথ বাহিনী রিয়াজ শেখ (৩২) ও শারমিন আক্তার (২৮) নামে আরও দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম ও ৩০০ গ্রাম গাঁজা, একটি নোকিয়া বাটন ফোন ও একটি লাইটটেল বাটন ফোন উদ্ধার করা হয়।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পলাতক সালাহ উদ্দিন শেখের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ হাজার ৬০০ টাকা।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন
Array