খুঁজুন
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫ 

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ২:১৭ পিএম
ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫ 

ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে আলোচিত মাদক চক্রের নেত্রী শিল্পী বেগম (৩০) এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ফরিদপুর আর্মি ক্যাম্পে গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তি এলাকায় চলমান মাদক পাচার, জোরপূর্বক দখলদারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসছিল। গোপন সূত্রে তথ্য পাওয়া যায়, শিল্পী বেগম ও তার পরিবার এলাকায় একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করা হচ্ছিল। অনুসন্ধানে উঠে আসে, শিল্পীর  সঙ্গে ভারতীয় মাদক পাচার চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে এবং ভারত থেকে গাঁজা এনে এই এলাকায় সরবরাহ করে একটি অবৈধ অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আসছিল।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১২ টা থেকে রাত ৩ টা পর্যন্ত ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশ যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাৎক্ষণিকভাবে ৭ জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় আটক করা হয়। এরপর এলাকাজুড়ে পরিচালিত তল্লাশি ও বস্তির কেন্দ্রে অবস্থিত শিল্পীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং আরও আটজনকে আটক করা হয়। অভিযান চলাকালে শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিল তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে উদ্ধারকৃত সামগ্রীতে রয়েছে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল, ৯টি ফিচার ফোন এবং ১০টি অ্যান্ড্রয়েড ফোন।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আটককৃত ১৫ জনকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নগরকান্দায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৪৩ পিএম
নগরকান্দায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে লস্করদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলু মোল্যা (৬০)-এর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বিনোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় বাবলু মোল্যাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাবলু মোল্যা বিনোকদিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে।

এ ঘটনায় রাত প্রায় ১১টার দিকে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে একই গ্রামের নজরুল মোল্লা এবং তার ছেলে রুমন মোল্লা ও তুহিন মোল্লার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবলু মোল্যার সঙ্গে নজরুল মোল্লার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ বিরোধের জেরে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নজরুল মোল্লার ছেলে রুমন মোল্লা ও তুহিন মোল্লা বাবলু মোল্যার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রানা প্লাজা থেকে বেঁচে ফেরা সেই নাসিমা পদ্মায় বাসডুবিতে মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৩০ পিএম
রানা প্লাজা থেকে বেঁচে ফেরা সেই নাসিমা পদ্মায় বাসডুবিতে মৃত্যু

২০১৩ সালের সাভারের রানা প্লাজা ধসে তিনদিন ধ্বংসস্তূপের নিচে আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম (৪০)। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই নাসিমা দীর্ঘ ১০ বছর জীবনের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ঘটে যাওয়া এক মর্মান্তিক বাস দুর্ঘটনায়।

গত বুধবার (২৫ মার্চ) বিকেলে জীবিকার তাগিদে ঢাকা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে নাসিমাসহ একই পরিবারের চারজন প্রাণ হারান। শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর দিনাজপুরের পার্বতীপুরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাসিমা বেগম তার ভাগনি, ভাগনি জামাই ও তাদের কোলের শিশুকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়েছিলেন। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে নদী থেকে নাসিমাসহ তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

নাসিমা বেগমের জীবনের পুরো অধ্যায়টিই ছিল শোক আর সংগ্রামের। ২০১৩ সালে যখন রানা প্লাজা ধসে পড়ে, তখন তিনি ওই ভবনের একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। যমের দুয়ার থেকে ফিরে আসার পর দীর্ঘদিন গ্রামে কাটান তিনি। কিন্তু স্বামীর অকাল মৃত্যুর পর অভাবের তাড়নায় আবারও গার্মেন্টসের কাজে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আর সেই যাত্রাই ছিল তার জীবনের শেষ যাত্রা।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। এদিকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা হিসেবে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেছেন।

সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন ফারুকউজ্জামান ফকির মিয়া

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:০৬ পিএম
সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন ফারুকউজ্জামান ফকির মিয়া

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের ইতি টানলেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর ফরিদপুরের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান ফকির মিয়া। শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় দলীয় এই গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব-এর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ফারুকউজ্জামান ফকির মিয়া জানান, দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, “দল আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই যুক্তিযুক্ত মনে করছি।” তিনি আরও স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্ত তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ও কারো প্ররোচনা ছাড়াই নিয়েছেন।

এদিকে, পদত্যাগের পাশাপাশি সক্রিয় রাজনীতি থেকেও ধীরে ধীরে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন এই প্রবীণ নেতা। তবে জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এখন থেকে তিনি ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখবেন।

প্রসঙ্গত, ফারুকউজ্জামান ফকির মিয়া সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন, যা তার জনপ্রিয়তার প্রমাণ বহন করে।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন-এর সভাপতিত্বে ও ক্লাবটির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনে ফারুকউজ্জামান ফকির মিয়ার পদত্যাগে সালথা উপজেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।