খুঁজুন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র, ১৪৩২

সদরপুরে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:২৫ এএম
সদরপুরে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলায় দুইশত পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২১ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের পুত্র দাদন মাতুব্বর (৫০) ও তার স্ত্রী শিউলি আক্তার (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছি। দাদন মাতুব্বর দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সাথে জড়িত। সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিতির কারণে তার বিরুদ্ধে সবাই স্বাক্ষী দিতে ভয় পেত।

তিনি আরও বলেন, তাকে গ্রেপ্তারের সময় সাক্ষী নিতে গেলে এলাকাবাসী বলেন, আমরা এই ব্যাপারে কথা বললে দাদন জেল থেকে বের হয়ে লোকজন নিয়ে আমাদের উপরে হামলা করবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মাহমুদুল হাসান

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ২:২৭ পিএম
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মাহমুদুল হাসান

সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। তিনি জেলার নগরকান্দা সার্কেল হিসেবে কর্মরত রয়েছেন।

রবিবার (২৯ মার্চ) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে সেরা সার্কেল ঘোষণা করে পুরস্কার তুলে দেন এসপি মো. নজরুল ইসলাম।

ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাহমুদুল হাসান আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্লুলেস হত্যা, চুরির মামলা উদঘাটন ও দায়িত্বাধীন থানাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।

সার্কেল অফিস ও থানাগুলোর অভিযোগ অনুসন্ধান, মাদক জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় মাহমুদুল হাসানকে ফরিদপুর জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার নির্বাচন করা হয়।

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি বাবলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১:৩৫ পিএম
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি বাবলুর রহমান খান

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

রবিবার (২৯ মার্চ) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান প্রমূখ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মো. বাবলুর রহমান খান সালথা থানায় যোগদানের পর সহিংসতা বন্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়ে আসছেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী আটক, মাদক নিয়ন্ত্রণ, মামলা গ্রহণসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

প্রবাস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৭:২০ এএম
যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত এক বছরে দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে আটক করেছে। এদের মধ্যে ৫৬ হাজারের বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধে সাজা খাটার রেকর্ড রয়েছে এবং তারা সাজার মেয়াদ শেষে মুক্তি পেয়েছিলেন।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক পাচার, জালিয়াতি, সশস্ত্র ডাকাতি এবং হামলার মতো গুরুতর অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছে। ডিএইচএসের ডেপুটি সেক্রেটারি লরেন বেস বলেন, ‘যারা শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে, যুক্তরাষ্ট্রে তাদের কোনো স্থান নেই। তারা সমাজের জন্য মারাত্মক হুমকি।’ প্রশাসন এই অপরাধীদের ‘নিকৃষ্টতম’ অপরাধী হিসেবে আখ্যা দিয়েছে।

গ্রেপ্তারকৃত ১০ বাংলাদেশির নাম, পরিচয় ও অভিযোগ-

হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিরা হলেন- ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাঈদ। তার বিরুদ্ধে অভিযোগ, অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধ।

রেলি নর্থ ক্যারোলাইনার শহীদ হাসান। তার বিরুদ্ধে অভিযোগ-গোপন অস্ত্র বহন এবং দোকানে চুরি।

নিউ ইয়র্কে বাফেলোর মোহাম্মদ আহমেদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

কুইন্স নিউ ইয়র্ক সিটির মো. হোসেনের বিরুদ্ধেও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

চ্যান্টিলি ভার্জিনিয়ার মেহতাবউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ- গাঁজা এবং হ্যালুসিনোজেনিক ড্রাগ বিক্রি।

মার্লিন, টেক্সাসের নওয়াজ খান। এই ব্যক্তির বিরুদ্ধে বিপজ্জনক মাদক সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

পেন্সকোলা, ফ্লোরিডার শাহরিয়ার আবিরের বিরুদ্ধে অভিযোগ- চুরি।

মাউন্ট ক্লেমেন্স মিশিগানের আলমগীর চৌধুরী। এই ব্যক্তির বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ রয়েছে।

মানাসাস ভার্জিনিয়ার ইশতিয়াক রফিকের বিরুদ্ধে অস্ত্র আইন লঙ্ঘন এবং সিনথেটিক মাদক রাখার অভিযোগ রয়েছে।

ফিনিক্স অ্যারিজোনার কনক পারভেজের বিরুদ্ধে রয়েছে জালিয়াতির অভিযোগ।

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই অভিযান মূলত তাদের লক্ষ্য করে চালানো হচ্ছে যারা জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। সহিংস এবং শোষণমূলক অপরাধের বিরুদ্ধে বর্তমান ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।