খুঁজুন
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩

ফরিদপুরে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, জার্সি পরলেই রোগীর চিকিৎসা ফি ৫০% ছাড়

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, জার্সি পরলেই রোগীর চিকিৎসা ফি ৫০% ছাড়

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনাকে ভিন্নমাত্রা দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক চিকিৎসক। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন—আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের দিতে হবে মাত্র অর্ধেক ভিজিট।

এমন অভিনব উদ্যোগের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলার চিকিৎসক ডা. সুমন রায়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত হেলথ এইড মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় কার্যকর করা হয়েছে। সাধারণত তার চেম্বারে চিকিৎসা পরামর্শের ফি ৫০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ২৫০ টাকা।

চেম্বার সূত্রে জানা যায়, উদ্যোগটি শুরুর প্রথম দিনেই বেশ কয়েকজন রোগী এই সুবিধা নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ফলে বিষয়টি দ্রুতই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, “আমি বরাবরই আর্জেন্টিনা দলের সমর্থক। চিকিৎসকের এমন ব্যতিক্রমী অফারের কথা শুনে জার্সি পরেই চেম্বারে এসেছি। সত্যিই তিনি আমার কাছ থেকে নির্ধারিত ফির অর্ধেক নিয়েছেন। বিষয়টি আমার কাছে বেশ আনন্দের লেগেছে।”

খোঁজ নিয়ে জানা যায়, ডা. সুমন রায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি গোপালগঞ্জের কাশিয়ানী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন অভিজ্ঞ ও জনপ্রিয় চিকিৎসক হিসেবে এলাকাজুড়ে তার সুনাম রয়েছে।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে ডা. সুমন রায় বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ বা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এলেই উৎসবের আমেজ তৈরি হয়। সেই আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে একটু ভিন্নভাবে ভাগাভাগি করার চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “এটি সম্পূর্ণভাবে খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে করা একটি উদ্যোগ। আর্জেন্টিনা সমর্থকদের জন্য এটি আমার পক্ষ থেকে ছোট্ট একটি শুভেচ্ছা উপহার। তবে এর ফলে চিকিৎসাসেবার মান বা দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। বরং খেলাধুলাকে ঘিরে মানুষের মধ্যে যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়, সেটিকেই আরও উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।”

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ঘিরে নানা ধরনের আয়োজন দেখা গেলেও চিকিৎসা ফিতে এমন বিশেষ ছাড়ের ঘটনা বেশ ব্যতিক্রমী। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

ফুটবলপ্রেম, মানবিকতা ও ভিন্নধর্মী উদযাপনের এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াতে শুরু করেছে।

ফরিদপুরে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
ফরিদপুরে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হয়েছে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে শহরের ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মো. মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচার ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিজানুর রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে তার মাদক সরবরাহ চক্র ও সহযোগীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।

ফরিদপুরে সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
ফরিদপুরে সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগ্রহের কথাও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল মৃধা বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি, মানসিক চাপ ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি শারীরিক অসুস্থতা এবং দলীয় কর্মকাণ্ডে হতাশার কারণে তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আপাতত সব ধরনের রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে রবিউল মৃধা বলেন, দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা করছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে রবিউল মৃধার এ পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কাইচাইল ইউনিয়নের রাজনীতিতে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজী, সাহেব মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

ফরিদপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫” প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ও আইজিপির পৃষ্ঠপোষকতায় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি বিতরণ করেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ফরিদপুর শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্লা।

আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং জাতির জন্যও গৌরবের বিষয়। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের পরামর্শ প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।