খুঁজুন
, ,

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা!

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের ভেন্যুগুলোতে উড়ছে অংশগ্রহণকারী সাত দলের পতাকা। কিন্তু সেখানে ভারতের পতাকা ‘মিসিং’।

এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে ঘিরে তোলপাড় চলছে। যেখানে দেখা যায়, করাচির জাতীয় স্টেডিয়ামে সাতটি দলের পতাকা উড়তে দেখা গেলেও নেই ভারতের পতাকা।

ভিডিওটি ঘিরে ভারতে ব্যাপক তোলপাড় চলছে। দেশটির ক্রিকেটভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দেশটির মিডিয়াও এ নিয়ে একের পর এক সংবাদ প্রকাশিত হচ্ছে। তবে ‘টাইমস অব ইন্ডিয়া‘ বলছে, ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা কেন নেই, এ প্রশ্নের উত্তর এখনো অজানা থাকলেও; ধারণা করা হচ্ছে, যেহেতু ভারতীয় দল পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না, তাই তাদের পতাকাও রাখা হয়নি।

রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। হাইব্রিড মডেলের এই আসর ঘিরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বন্দ্বও প্রকাশ্যে আসে। এমনকি বাদ দিতে হয় উদ্বোধনী অনুষ্ঠান ও অধিনায়কদের প্রেস মিটও।

ভারত না খেললেও করাচিতে স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও ভারতের পতাকা না থাকার কথা শোনা গিয়েছিল। এই স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরুর আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ভিডিওতেও ভারতের পতাকা দেখা যায়নি।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান এবারই প্রথম টুর্নামেন্ট আয়োজন করছে। ৮ বছর পর টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে বিতর্ক সঙ্গী করেই। ভারত গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। আর যদি দলটির নক-আউট পর্ব ও ফাইনালে উঠতে পারে, তাহলেও তাদের ম্যাচগুলো হবে দুবাইয়েই।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতেই হবে আসরের উদ্বোধনী ম্যাচ। যেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।

এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম-আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলাম-এর ওপর আওয়ামী সন্ত্রাসীর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকা মূল্যের অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তফা বাদী হয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর—৭/২৬।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে গত ২০২৩ সালের ৩১ জানুয়ারি সম্পদ বিবরণী ফরম ইস্যু করা হয়। পরবর্তীতে তিনি গত ১৬ এপ্রিল দুদক বরাবর দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেন।

​দুদকের অনুসন্ধান ও যাচাইকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে আসামির গ্রহণযোগ্য বৈধ আয়ের উৎস থেকে আয় হয়েছে ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা রয়েছে ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকার।

​তবে তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকা হওয়ায় এবং কোনো ঋণ বা দায়দেনা না থাকায়, তার বৈধ আয়ের উৎসের সহিত ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের সত্যতা মেলে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

​দুদক প্রধান কার্যালয়ের গত ৪ নভেম্বরের স্মারক মূলে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার ফরিদপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

 

বিয়ের ছয় মাসের মাথায় বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
বিয়ের ছয় মাসের মাথায় বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় মুরসালিনা আক্তার (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৮টার পর উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রাম থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

​নিহত মুরসালিনা আক্তার চন্ডিবিলা গ্রামের রাব্বী মোল্যার স্ত্রী এবং পার্শ্ববর্তী মধুখালী উপজেলার দাড়িরপাড় গ্রামের মাছিম মল্লিকের মেয়ে। স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

​এদিকে নিহতের বাবা ও মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তাঁরা মুরসালিনার স্বামী রাব্বী মোল্যা ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করেছেন।

​এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।