খুঁজুন
, ,

সদরপুরে কিস্তির টাকা না পেয়ে মৎস্যজীবীকে পেটালেন এনজিও কর্মীরা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
সদরপুরে কিস্তির টাকা না পেয়ে মৎস্যজীবীকে পেটালেন এনজিও কর্মীরা
ফরিদপুর  সদরপুরে কিস্তির টাকা না পেয়ে নন্দ মালো (৪৫) নামের এক মৎস্যজীবীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র এনজিও কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (০৭ মার্চ) এ প্রতিনিধি সরেজমিন আহত ওই ব্যক্তির বাড়ীতে গেলে গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।
 আহত নন্দ মালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ” পপি’র ” এনজিওর  ম্যানেজার মো: মমিনুল হক, এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন ও মাঠকর্মী প্রণব কুমার  নন্দ মালোর বাড়িতে এনজিও’র পাওনা কিস্তির টাকা নিতে আসেন।
তাঁর কাছে টাকা না থাকায় তাদের পরে আসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এনজিওকর্মীরা নন্দর উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে।
আহত নন্দ মালো বলেন, বিকেলে তিনজন পপি’র এনজিও কর্মীরা আমার কাছে কিস্তির টাকা নিতে আসে। আমার কাছে টাকা না থাকায় আমি কিস্তি দিতে পারিনি। পরে তারা আমার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে সন্ধ্যায় বাড়িতে থাকতে বলেন। আমার কাছে টাকা নেই আপনারা যা ইচ্ছা করেন বললে, তারা তিনজন আমাকে মারধর করে।
তিনি আরও জানান, পপি এনজিও’র হাট কৃষ্ণপুর শাখা থেকে ৫০ হাজার টাকা লোন নেই। এখন ওই এনজিও তার কাছে ৯ হাজার টাকা পাবেন বলে জানান।
পপি’র হাট কৃষ্ণপুর শাখার এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন বলেন,  আমরা তিনজন বিকেলে নন্দর বাড়িতে বকেয়া কিস্তির টাকা তুলতে যাই। টাকা চাইলে তিনি আমাদের বলেন, টাকা দিব না, যা পারেন তাই করেন। পরে তিনি আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ম্যানেজার আহত হয়।
এ ঘটনায় এনজিওটির ওই শাখার ম্যানেজার মো: মমিনুল হক সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, এই ঘটনায় আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

২১ বছর পরও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বেঁচে আছেন গৌতম দাস

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
২১ বছর পরও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বেঁচে আছেন গৌতম দাস

সড়ক সংস্কার ও পুনঃনির্মাণ কাজের দুর্নীতির বিরুদ্ধে কলম ধরাই কাল হয়েছিল তাঁর। নির্ভীক সেই কলমসৈনিক সাংবাদিক গৌতম দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল নিজের কর্মস্থলেই। ঘাতকেরা তাঁর প্রাণ কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাঁর আদর্শ ও সাহসিকতা। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও সহকর্মী ও ফরিদপুরবাসীর হৃদয়ে আজও অনুপ্রেরণার নাম হয়ে বেঁচে আছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দৈনিক সমকালের তৎকালীন ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় বক্তাদের কণ্ঠে উঠে আসে এমনই আবেগঘন স্মৃতিচারণা।

দুপুর ১টায় প্রেসক্লাবের মরহুম সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্যা হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত এই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে ফরিদপুর শহর এবং গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে।

স্মরণসভায় স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর তৎকালীন সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদী বলেন, “গৌতম দাস অত্যন্ত সাদাসিধে এবং ভালো মনের মানুষ ছিলেন। অফিসের ভেতরেই একটি চৌকি পেতে থাকতেন। শহরের প্রধান সড়ক ‘মুজিব সড়ক’ সংস্কারের অনিয়ম নিয়ে তিনি যে প্রতিবেদন প্রকাশ করেছিলেন, তা সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর জের ধরেই সংশ্লিষ্ট ঠিকাদার গোষ্ঠী ও সন্ত্রাসী চক্র ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করে। এমন মৃত্যু ছিল চরম অনাকাঙ্ক্ষিত।”

তৎকালীন সমকালের প্রতিনিধি এবং গৌতম দাস হত্যা মামলার বাদী হাসানউজ্জামান বলেন, “আমরা তিন মাস একসঙ্গে কাজ করেছিলাম। তাঁকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সে সময় তাঁর হত্যার বিচারের দাবিতে সারাদেশের সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন। যার ফলে প্রশাসন দ্রুত আসামিদের গ্রেফতার ও চার্জশিট দিতে বাধ্য হয়।”

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, “গৌতম দাস রক্তে-মাংসে একজন সাহসী সাংবাদিক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আমাদের জন্য আদর্শ। তাঁকে অনুসরণ করতে পারলেই আমাদের সাংবাদিকতা পেশার যথার্থ মূল্যায়ন হবে।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু। বক্তারা বলেন, গৌতম দাসের আত্মত্যাগ তরুণ সাংবাদিকদের সত্য প্রকাশে চিরকাল সাহস জোগাবে।

১৯৭৪ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে জন্মগ্রহণ করেন গৌতম দাস। তিনি দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে ব্যুরো কার্যালয়েই থাকতেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে তাঁকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই সমকালের পক্ষে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন হাসানউজ্জামান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ঘটনার আট বছর পর, ২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সেখানে তাঁর ভাইবোনদের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দুপুরে ফরিদপুর শহরের বান্ধবপল্লী ও শ্রীঅঙ্গনে গৌতম দাসের স্ত্রী দীপালী দাসের উদ্যোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ঢাকায় আটক ফরিদপুরের ছাত্রলীগের ৩ নেতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ঢাকায় আটক ফরিদপুরের ছাত্রলীগের ৩ নেতা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে রাজধানীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম অন্তর এবং উপ-দপ্তর সম্পাদক ইরতেজা আহসান জুবায়ের। এর মধ্যে প্রান্ত বোয়ালমারী পৌরসভার ছোলনা গোরস্থানসংলগ্ন এলাকার আবু বক্কারের ছেলে, আলামিন উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা এবং জুবায়ের আধারকোঠা এলাকার প্রয়াত হান্নান মৃধার ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিডিওতে আরও দাবি করা হয়, পরিচয় গোপন রাখতে তারা শুরুতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে জিজ্ঞাসাবাদের মুখে নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ওই তিন নেতা আত্মগোপনে ছিলেন। প্রান্ত সিদ্দিকী রাজধানীর জিগাতলায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করছিলেন। আলামিন ইসলাম অন্তরও ঢাকাতেই অবস্থান করছিলেন।

এদিকে আটক নেতাদের মারধর করে পুলিশে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘দিন তো আর এভাবে যাবে না। তারা মবের শিকার হয়েছেন। বাড়িতে ঘুমাতে পারেন না, তাই হয়তো ঢাকায় গিয়েছিলেন। কোনো অন্যায় করলে আইন ও প্রশাসন আছে। কিন্তু মব তৈরি করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অনেক মারধর করে পুলিশে দিয়েছেন।’

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জানান, সন্দেহভাজন হিসেবে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের ওই তিন নেতাকে আটক করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকায় এসে গোপনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বৈঠক করছিলেন বলে অভিযোগ রয়েছে। পুরোনো রাজনৈতিক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বোয়ালমারী থানায়ও তাদের নামে মামলা রয়েছে।

তবে রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগের বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ওসি।

আইইবি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
আইইবি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. আতিকুর রহমান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আতিকুর রহমান। একইসঙ্গে ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাঈন উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২৮২ ভোট পেয়ে ডিভিশনের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আলমগীর মিয়া।

নির্বাচনে হলুদ প্যানেল থেকে বিজয়ী অন্য সদস্যরা হলেন— প্রকৌশলী মু. সাইমুম রহমান সজীব, প্রকৌশলী মো. ফিরোজ আলম, প্রকৌশলী মো. কুতুব উদ্দিন চৌধুরী, প্রকৌশলী শরীফ আহমেদ শুভ্র, প্রকৌশলী এস এম নাজমুল হাসান, প্রকৌশলী দিন মোহাম্মদ ওবায়দুল, প্রকৌশলী মো. ফারুক হাসান, প্রকৌশলী শারমিন খান উর্মি, প্রকৌশলী মো. আমিনুল হক শামীম, প্রকৌশলী মো. তারফুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ আহসান মঞ্জুর এবং প্রকৌশলী মো. সানাউল করিম।

সংশ্লিষ্টরা জানান, আইইবির কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন কেন্দ্র এবং সব ডিভিশনাল কমিটিতেও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. আতিকুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর আইইবিতে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের উপস্থিতি ছিল অকল্পনীয়। ভোটারদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তাদের এই আস্থা ও ভালোবাসা আমাকে প্রকৌশলী সমাজের কল্যাণে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।

এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি প্রকৌশলীদের পেশাগত মান, দক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং আইইবির সুনাম ও ঐতিহ্য আরও সুদৃঢ় করতে নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।