খুঁজুন
, ,

ফরিদপুরে প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটার পেলেন ভোটাধিকার, তালাবদ্ধ ব্যালটবাক্স

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
ফরিদপুরে প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটার পেলেন ভোটাধিকার, তালাবদ্ধ ব্যালটবাক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। যাচাই–বাছাই শেষে এসব ভোটারের নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চারটি আসনের পোস্টাল ব্যালট বাক্স তালাবদ্ধ করা হয়। পরে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।

তিনি জানান, ফরিদপুর জেলার চারটি আসন থেকে মোট ১৮ হাজার ১০৮ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে যাচাই শেষে ১০৮টি নিবন্ধন বাতিল বলে গণ্য হয়। বাকি ১৭ হাজার ৯৮৮ জন পোস্টাল ভোটারের আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৬ হাজার ১১৯ জন এবং নারী ভোটার রয়েছেন এক হাজার ৯৭৭ জন।

আসনভিত্তিক হিসাব অনুযায়ী, ফরিদপুর-১ আসনে পোস্টাল ভোটার রয়েছেন ৪ হাজার ৮৬১ জন, ফরিদপুর-২ আসনে ৩ হাজার ৫৫১ জন, ফরিদপুর-৩ আসনে ৩ হাজার ৮৪৫ জন এবং ফরিদপুর-৪ আসনে সর্বাধিক ৫ হাজার ৭৩১ জন পোস্টাল ভোটার নিবন্ধিত হয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে ৪টায় প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বাক্সগুলো খোলা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের বিধিমালা অনুসরণ করে স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।

তিনি জানান, ব্যালট বাক্স তালাবদ্ধ করার সময় প্রতিটি বাক্সে ওয়ানটাইম লক ব্যবহার করা হয়েছে এবং প্রার্থীদের প্রতিনিধিরা বক্সগুলোর নাম্বার নোট করে রেখেছেন। ব্যালট বাক্স খোলার সময় ওই নাম্বারগুলো মিলিয়ে দেখা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা সন্দেহের সুযোগ না থাকে।

অনুষ্ঠানে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তা, ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পোস্টাল ভোটিং ব্যবস্থার মাধ্যমে কর্মসূত্রে নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে না পারা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্ধারিত শ্রেণির ভোটাররা আগামভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। নির্বাচন কমিশন মনে করছে, এ ব্যবস্থার ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে।

 

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

​গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভাওয়াল এলাকায় অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​পুলিশ জানায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি বাইরে আসেন। তবে এবার আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।

এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম-আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলাম-এর ওপর আওয়ামী সন্ত্রাসীর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকা মূল্যের অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তফা বাদী হয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর—৭/২৬।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে গত ২০২৩ সালের ৩১ জানুয়ারি সম্পদ বিবরণী ফরম ইস্যু করা হয়। পরবর্তীতে তিনি গত ১৬ এপ্রিল দুদক বরাবর দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেন।

​দুদকের অনুসন্ধান ও যাচাইকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে আসামির গ্রহণযোগ্য বৈধ আয়ের উৎস থেকে আয় হয়েছে ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা রয়েছে ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকার।

​তবে তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকা হওয়ায় এবং কোনো ঋণ বা দায়দেনা না থাকায়, তার বৈধ আয়ের উৎসের সহিত ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের সত্যতা মেলে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

​দুদক প্রধান কার্যালয়ের গত ৪ নভেম্বরের স্মারক মূলে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার ফরিদপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়।